ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে ২৪ জন ফিলিস্তিনি নারী সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালামা মারুফ এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিবৃতিতে সালামা মারুফ বলেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে এবং এটি বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর জন্য একটি কলঙ্কজনক ঘটনা।
তিনি আরো বলেন, মুক্ত বিশ্ব, যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তার পক্ষে কথা বলে, তাদের সামনে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি আরও জানান, নারী হিসেবে তাদের মর্যাদা ইসরাইলি বাহিনীর হাতে মৃত্যুর হাত থেকে তাদের রক্ষা করতে পারেনি এবং সাংবাদিকতার স্বাধীনতা এবং অনাক্রম্যতা তাদেরকে বাঁচাতে সক্ষম হয়নি।
মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘অপর্যাপ্ত পদক্ষেপ’ নেয়ার জন্য অভিযুক্ত করেছেন। তার ভাষায়, এ ধরনের হত্যাকাণ্ডের পর, আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুধু নিন্দার বিবৃতিতেই সীমাবদ্ধ ছিল, যা ছিল ভণ্ডামি ও সম্পূর্ণ অপর্যাপ্ত।
গত ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজার ওপর ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। দীর্ঘ ১৫ মাসের এই হামলায় ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

