মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তি নিয়ে আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক বিবৃতিতে জানান, আন্তর্জাতিক পর্যায়ে ‘গুন্ডামি’ প্রদর্শনকারী শক্তিগুলোর আলোচনা আহ্বান কোনো সমস্যার সমাধানের জন্য নয় বরং ইরানের ওপর তাদের প্রত্যাশা চাপিয়ে দেওয়ার একটি চেষ্টামাত্র। ইরান এই ধরনের চাপ মেনে নেবে না- বলেন খামেনি।
গত শুক্রবার (৭ মার্চ) ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়া ঠেকাতে দুটি পথ রয়েছে—একটি সামরিক পদক্ষেপ, আরেকটি হলো আলোচনা ও চুক্তি।
এর একদিন পর, শনিবার (৮ মার্চ), খামেনি ইরানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বলেন, পশ্চিমা শক্তিগুলি কেবল পারমাণবিক চুক্তি নিয়েই আলোচনা করতে চায় না। তাদের মূল উদ্দেশ্য হলো নতুন প্রত্যাশা চাপিয়ে দেওয়া, বিশেষত: ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে।
খামেনি আরো বলেন, পশ্চিমারা ইরানি জনগণের মধ্যে সন্দেহ তৈরি করতে চাচ্ছে যে, আলোচনার জন্য প্রস্তুতি সত্ত্বেও ইরান কেন আলোচনা করতে রাজি নয়। কিন্তু তাদের আসল লক্ষ্য কোনো ধরনের আলোচনাই নয়, বরং আধিপত্য প্রতিষ্ঠা এবং চাপিয়ে দেওয়া।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বের করে নেন। এরপর ইরানের পারমাণবিক কার্যক্রমসহ নানা ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে আসার পরেও ট্রাম্প প্রথম মেয়াদের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছেন।
এদিকে খামেনি ইউরোপীয় দেশগুলোরও সমালোচনা করেন, যারা ইরানকে পরমাণু চুক্তির অধীনে প্রতিশ্রুতি পালনের জন্য চাপ প্রয়োগ করছে।
তিনি বলেন, আপনি বলছেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতি পূরণ করেনি কিন্তু আপনি কি আপনার প্রতিশ্রুতি পালন করেছেন?
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি ইরানকে চুক্তি মেনে চলার আহ্বান জানায় এবং ইরানকে অর্থনৈতিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়। তবে ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি, যদিও ইরান এক বছর ধরে তার প্রতিশ্রুতি রক্ষা করেছিল।

