কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জায়গায় দায়িত্ব নেবেন। স্থানীয় সময় রোববার লিবারেল পার্টি তাকে দলের নতুন নেতা নির্বাচিত করে। পরে দলের প্রেসিডেন্ট সচিত মেহরা আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন। কানাডার নিয়ম অনুযায়ী দলীয় প্রধানই নতুন প্রধানমন্ত্রী হন।
মার্ক কার্নি দলের নেতৃত্বের জন্য চারজন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করেন। তিনি বিপুল ভোটে জয়ী হন। ৫৯ বছর বয়সী কার্নি পেয়েছেন ৮৬ শতাংশ ভোট। তার মোট ভোটসংখ্যা ১ লাখ ৩১ হাজার ৬৭৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড পেয়েছেন ১১ হাজার ১৩৪ ভোট।
আগামী কয়েক দিনের মধ্যে ট্রুডো আনুষ্ঠানিকভাবে কার্নির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। এরপর কার্নি কানাডার গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গভর্নর জেনারেল হলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধি। শপথ নেওয়ার আগ পর্যন্ত ট্রুডো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
মার্ক কার্নির অর্থনীতি ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। এরপর তিনি ব্যাংক অব ইংল্যান্ডের নেতৃত্বও দেন। তার এই অভিজ্ঞতা কানাডার অর্থনীতির উন্নয়নে কাজে আসবে বলে মনে করা হচ্ছে।
জাস্টিন ট্রুডো টানা ৯ বছর প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। এরপর তার উত্তরসূরি নির্বাচনের জন্য ৯ মার্চ ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচিত হওয়ার পর কার্নি এখন সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনি এপ্রিলের শেষ দিকে নির্বাচন ঘোষণা করতে পারেন।

