ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বাধ্য করা যাবে না। শনিবার ইফতারের আগে এক গুরুত্বপূর্ণ সমাবেশে তিনি এ কথা বলেন। ওই অনুষ্ঠানে সরকারের তিন বিভাগের প্রধানসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও।
খামেনি বলেন, কিছু দেশ আলোচনার জন্য চাপ সৃষ্টি করছে। তবে তাদের লক্ষ্য সমস্যার সমাধান নয়। তারা আসলে নিজেদের স্বার্থ ইরানের ওপর চাপিয়ে দিতে চায়। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই তাদের এই উদ্দেশ্য সফল হতে দেবে না।
তার ভাষণে তিনি ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন। খামেনি বলেন, ‘তারা বলছে, ইরান প্রতিশ্রুতি রক্ষা করছে না। কিন্তু তারা কি নিজেদের প্রতিশ্রুতি পালন করেছে? শুরু থেকেই তারা চুক্তির শর্ত ভঙ্গ করে আসছে।’
অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানি এক গুরুতর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যদি আমেরিকা বা ইসরাইল ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, তাহলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। মার্কিন উপস্থাপক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, হামলা হলে মাত্র তিন দিনের মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলো পানিশূন্য হয়ে পড়বে। পানিতে এত উচ্চ মাত্রার দূষণ হবে যে, তা পুরো অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। কাতারের এই হুঁশিয়ারি ইরান ইস্যুতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

