নেপালে রাজতন্ত্র পুনরায় চালু করার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তারা রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্মের দাবিও তুলেছে।
রোববার (৯ মার্চ) নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহকে স্বাগত জানাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ শুরু হয়। সেখানে মানুষ ‘রাজার জন্য রাজপ্রাসাদ খালি করুন’, ‘রাজতন্ত্র ফেরত চাই’, ‘হিন্দু ধর্ম রাষ্ট্রধর্ম হোক’—এমন স্লোগান দেয়।
বিক্ষোভকারীরা বলেন, তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন চাচ্ছেন। তারা মনে করেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থা দেশের সমস্যাগুলি সমাধান করতে পারছে না। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং দুর্নীতি নিয়ন্ত্রণে প্রজাতন্ত্র ব্যর্থ হয়েছে। তাই তারা রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেছেন।
এক বিক্ষোভকারী বলেন, “আমি এখানে এসেছি রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে। রাজাকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে এবং রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করতে।”
২০০৬ সালে রাজা জ্ঞানেন্দ্র শাহের বিরুদ্ধে দেশে বিক্ষোভ শুরু হয়েছিল। সেই বিক্ষোভে অংশ নেওয়া ৫০ বছর বয়সী রং মিস্ত্রি কুলরাজ শ্রেষ্ঠ এখন সিদ্ধান্ত বদলেছেন। তিনি বলেন, “ক্ষমতায় থাকা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করছেন না। রাজতন্ত্র বিলোপের বিক্ষোভে অংশ নেওয়াটা ভুল ছিল। দেশ আরও পিছিয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি।”
রাজতন্ত্র পুনরায় চালু করার বিষয়ে সাবেক রাজা জ্ঞানেন্দ্র শাহ কোন মন্তব্য করেননি। তবে নেপালে তার পক্ষে সমর্থন বেড়েছে। তবুও তার ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা কম।
২০০২ সালে রাজা হন জ্ঞানেন্দ্র শাহ। ২০০৬ সালে দেশে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়লে, তাকে ক্ষমতা ছাড়তে হয়। এর পর ২০০৮ সালে নেপাল সংসদে রাজতন্ত্র বিলুপ্ত করার পক্ষে ভোট দেয়। সংখ্যাগরিষ্ঠ ভোটে রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর রাজা জ্ঞানেন্দ্র শাহ সাধারণ জীবনযাপনের জন্য রাজপ্রাসাদ ছেড়ে চলে যান। নেপাল তখন থেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যায়।
২০০৮ সাল থেকে ১৩টি সরকার ক্ষমতায় এসেছে। তবে মানুষের জীবনযাত্রার কোন উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

