সিরিয়া ও কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সোমবার (১০ মার্চ) চুক্তির ঘোষণা দেন। চুক্তির মধ্যে সিরিয়ার ঐক্য রক্ষার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে উত্তর-পূর্ব সিরিয়ার সকল প্রতিষ্ঠান, সীমান্ত, বিমানবন্দর, তেল ও গ্যাস ক্ষেত্র সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একীভূত করা হবে।
এছাড়া, চুক্তি স্বাক্ষর করার ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে আহমেদ আল-শারা ও এসডিএফের প্রধান মাজলুম আবদি উপস্থিত ছিলেন। চুক্তি বাস্তবায়িত হলে, এসডিএফ-এর নিয়ন্ত্রিত উত্তর-পূর্ব সিরিয়া পুরোপুরি সিরিয়ার কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে।
২০১৫ সাল থেকে এসডিএফ উত্তর-পূর্ব সিরিয়ার একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়ে আসছে। আলজাজিরার রেসুল সেরদার জানিয়েছেন, আল-শারার নেতৃত্বে বাশার আল-আসাদের পতনের পর এই চুক্তি সিরিয়ার জন্য বড় অগ্রগতি।
সেরদার বলেন, “সিরিয়া একীভূত থাকবে নাকি বিভক্ত হবে, তা সবসময়ই একটি জটিল প্রশ্ন ছিল।”
চুক্তিতে সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি এবং আসাদপন্থি যোদ্ধাদের বিরুদ্ধে এসডিএফের সমর্থন অন্তর্ভুক্ত। এছাড়া, কুর্দি জনগণের নাগরিকত্ব ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়েছে। তবে চুক্তির পর এসডিএফ নিয়ন্ত্রিত অঞ্চলের সাংবিধানিক অবস্থা কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে বৈচিত্র্যপূর্ণ দেশে, অন্যান্য গোষ্ঠীও বিশেষ মর্যাদার দাবি করতে পারে। দামেস্কের সামনে এখন প্রশ্ন, আলাওয়াইটস বা ড্রুজদের মতো অন্যান্য সম্প্রদায়ও বিশেষ মর্যাদা পাবে কি না?
এসডিএফ সিরিয়ার রাষ্ট্রে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছিল। তবে দীর্ঘ যুদ্ধের কারণে বিভাজন সৃষ্টি হয়েছিল। এসডিএফের সরকার বিরোধী অবস্থানও ছিল। তুরস্ক সমর্থিত সিরীয় যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ এবং পিকেকের সঙ্গে সম্পর্ক এসডিএফ-এর জন্য সমস্যা সৃষ্টি করেছিল।
পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র পিকেককে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে, যুক্তরাষ্ট্র এসডিএফকে আইএসআইএল (আইএসআইএস) এর বিরুদ্ধে সমর্থন দিয়েছে। ২০১৯ সালে মার্কিন নেতৃত্বাধীন জোটের সাহায্যে এসডিএফ উত্তর-পূর্ব সিরিয়ার কিছু অংশ আইএসআইএল-এর কাছ থেকে মুক্ত করেছিল।
এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করেছেন। তিনি বলেন, “সিরিয়া নিজেই এখন গোলমালে হয়ে আছে। সেখানে তারা যথেষ্ট ঝামেলা করেছে। এতে আমাদের জড়ানোর দরকার নেই।”
এছাড়া গত ২৭ ফেব্রুয়ারি পিকেকের প্রধান আবদুল্লাহ ওকালান তার দলের সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। এতে এসডিএফের ওপর চাপ বাড়ছে।

