আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) সকালে হংকং সফর শেষে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই তাঁকে আটক করে স্থানীয় কর্তৃপক্ষ।
আইসিসি সূত্রে জানা গেছে, ৭৯ বছর বয়সী দুতার্তের বিরুদ্ধে ‘হত্যার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে তাঁর প্রত্যক্ষ নির্দেশনায় হাজারো দরিদ্র নাগরিক হত্যার শিকার হন- এমনটাই অভিযোগ আদালতের।
ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ম্যানিলা শাখা মঙ্গলবার ভোরে আইসিসির পাঠানো পরোয়ানার নথি হাতে পেয়েছে। পরোয়ানা পাওয়ার পরই দুতার্তেকে হেফাজতে নেওয়া হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বর্তমানে কর্তৃপক্ষের জিম্মায় আছেন এবং তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সরকারি চিকিৎসক দল তাঁর স্বাস্থ্য পরীক্ষা করছেন।
উল্লেখ্য, রদ্রিগো দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ক্ষমতায় থাকাকালে তাঁর আলোচিত ও বিতর্কিত মাদকবিরোধী অভিযানে ব্যাপকসংখ্যক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আইসিসি এ মামলায় তদন্ত শুরু করে এবং সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

