চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইক্সিয়ান ফর্মেশন থেকে প্রায় ১২ কোটি ৫০ লাখ বছর আগের একটি নতুন প্রজাতির বিচ্ছুর জীবাশ্ম উদ্ধার করেছেন বিজ্ঞানীরা। নতুন এই বিচ্ছুটির নাম দেওয়া হয়েছে জেহোলিয়া লংচেঙ্গি। সূত্র: ইয়াহু নিউজ
জীবাশ্মটি সম্প্রতি চীনের চাওয়াং জেলার ফসিল ভ্যালি মিউজিয়ামে সংরক্ষিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন, এটি চীনে আবিষ্কৃত চতুর্থ স্থলজ বিচ্ছুর জীবাশ্ম।
নানজিং ভূতত্ত্ব ও জীবাশ্মবিদ্যা ইনস্টিটিউটের গবেষক দিইয়িং হুয়াং বলেন, মেসোজোয়িক যুগে বিচ্ছুরা সাধারণত অ্যাম্বারে সংরক্ষিত থাকত। কিন্তু এ প্রজাতির বিচ্ছু খোঁজ পাওয়া গেছে পাথরজাত জীবাশ্ম হিসেবে- যা অত্যন্ত দুর্লভ।
প্রায় ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের এই প্রাচীন বিচ্ছুটি আকারে আধুনিক অনেক বিচ্ছুর চেয়েও বড়। এর দেহ ছিল পঞ্চভুজ আকৃতির এবং এতে গোলাকার স্পাইরাকলস (শ্বাসপ্রশ্বাসের ছিদ্র) ছিল, যা কিছু আধুনিক এশিয়ান বিচ্ছুর সাদৃশ্য বহন করে। তবে এর পা তুলনামূলক দীর্ঘ এবং চিমটির মতো অঙ্গ (পেডিপাল্পস) ছিল অপেক্ষাকৃত সরু।
জীবাশ্ম বিশ্লেষণ থেকে ধারণা করা হচ্ছে, জেহোলিয়া লংচেঙ্গি পোকামাকড়, মাকড়সা, ব্যাঙ, টিকটিকি এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করত। যদিও মুখের অংশ সংরক্ষিত না থাকায় গবেষকরা নিশ্চিতভাবে এর খাদ্যাভ্যাস নির্ধারণ করতে পারেননি।
জেহোল বায়োটার জীববৈচিত্র্যে এ পর্যন্ত নানা প্রজাতির ডাইনোসর, প্রাগৈতিহাসিক পাখি, স্তন্যপায়ী ও কীটপতঙ্গের জীবাশ্ম পাওয়া গেছে। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে আরও অনুরূপ আবিষ্কারের মাধ্যমে এই প্রজাতির খাদ্যচক্র ও বাস্তুতান্ত্রিক অবস্থান আরও স্পষ্ট হবে।
গবেষক হুয়াং চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে জানান, যদি এই বিচ্ছুকে আজকের পরিবেশে ফিরিয়ে আনা যেত, তবে এটি ছোট প্রাণীদের জন্য ভয়ংকর শিকারি হয়ে উঠতে পারত।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আবিষ্কার কেবল প্রাচীন জীববৈচিত্র্য নয় বরং পৃথিবীর বিবর্তন এবং বাস্তুতন্ত্র সম্পর্কেও মূল্যবান তথ্য সরবরাহ করে।

