দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। স্থানীয় সময় সোমবার (১০ মার্চ) সকালে ওয়াক্সাকার সান্তো ডোমিঙ্গো নারোর কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। তারা সবাই দক্ষিণাঞ্চলীয় তেহুয়ান্টেপেকের ইস্থমাসের দিকে যাচ্ছিলেন।
রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি- তদন্ত চলছে।
ওয়াক্সাকার গভর্নর সালোমন জারা এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, আমরা তাদের পাশে আছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এদিকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো স্থানীয় এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে জানান, বাসের যাত্রীরা রোববার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সমাবেশে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে চিকিৎসকরা।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষত: পাহাড়ি ও দুর্গম এলাকায় দ্রুতগতিতে চলা যানবাহন দুর্ঘটনার মুখে পড়ে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত যাত্রী বহন, চালকের অসাবধানতা এবং রাস্তাঘাটের দুরবস্থা অনেক সময় এসব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

