যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, “আমি আপনার সঙ্গে কোনো আলোচনা করব না, আপনি যা ইচ্ছা তাই করুন।”
মঙ্গলবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পেজেশকিয়ানের এই বক্তব্য প্রচার করে। পরে বুধবার (১২ মার্চ) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে পেজেশকিয়ান আরো বলেন, আমরা কখনোই মেনে নেব না যে কেউ আমাদের কেবল আদেশ ও হুমকি দিয়ে চলবে। আলোচনার নামে আমাদের ওপর চাপ সৃষ্টি করা হলে, সেটা আমরা প্রত্যাখ্যান করব।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করা হয়। তবে এই দাবিকে অস্বীকার করে তেহরান জানিয়েছে, তারা ট্রাম্পের পক্ষ থেকে এমন কোনো চিঠি পায়নি।
বিষয়টি নিয়ে ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য আলোচনা নয় বরং এই অঞ্চলে আধিপত্য বিস্তার। তিনি আরো অভিযোগ করেন, আলোচনা মার্কিন কূটনীতির একটি ‘অজুহাত’ মাত্র।
অন্যদিকে ট্রাম্প সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি পথ রয়েছে- সামরিক ব্যবস্থা অথবা এমন একটি চুক্তি, যাতে তারা পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে।
ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিলেন, যার অংশ হিসেবে তেহরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং তাদের তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চালানো হয়।
এদিকে ইরান বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সতর্ক করেছে, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে- যা অস্ত্র-গ্রেড স্তরের (৯০ শতাংশ) খুব কাছাকাছি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ফের উদ্বেগ দেখা দিয়েছে।

