সিরিয়ার নতুন সরকার ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে স্বাক্ষরিত ‘ঐতিহাসিক’ চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। মঙ্গলবার (১১ মার্চ) টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এসব কথা বলেন তিনি।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সোমবার (১০ মার্চ) ঘোষণা দেন যে, এসডিএফ-কে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করতে একটি চুক্তি হয়েছে। চুক্তিতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠান- সীমান্ত ক্রসিং, বিমানবন্দর, তেল ও গ্যাসক্ষেত্র-সবই সিরিয়ার কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে।
চুক্তিটি এমন এক সময়ে এসেছে, যখন এসডিএফ দীর্ঘদিন ধরে তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িত এবং তুর্কি বাহিনীর আক্রমণের মুখে রয়েছে। এসডিএফ-এর নেতৃত্বে থাকা কুর্দি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, যারা ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্ক পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
এরদোগান বলেন, “আমরা আমাদের প্রতিবেশী সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা, একক কাঠামো এবং স্থিতিশীলতা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। এই চুক্তি সেই পথেই একটি ইতিবাচক অগ্রগতি।”
রয়টার্স অনুসারে তুরস্কের এক কর্মকর্তা জানায়, আঙ্কারা চুক্তি নিয়ে ‘সতর্ক আশাবাদ’ পোষণ করছে এবং মূলত বাস্তবায়নের দিকেই নজর দিচ্ছে। তার ভাষায়, এসডিএফ অতীতেও নানা প্রতিশ্রুতি দিয়েছে, তাই কেবল বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপকেই আমরা গুরুত্ব দিচ্ছি।
বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি দীর্ঘদিন ধরে চলমান সিরীয় সংঘাত ও কুর্দি ইস্যুতে এক নতুন মোড় সৃষ্টি করতে পারে। তবে এটি কীভাবে বাস্তবায়িত হয়, সেটিই নির্ধারণ করবে এর সফলতা।

