ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্ব ও আরব দেশগুলোর অবস্থানকে আবারো সমর্থন জানাল চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, গাজা সংকট নিরসনে মিসর ও অন্যান্য আরব দেশের শান্তি পরিকল্পনাকে চীন সমর্থন করে এবং ‘ফিলিস্তিনিরা ফিলিস্তিন শাসন করবে’- এই নীতির ওপর চীন অটল রয়েছে।
সোমবার (১০ মার্চ) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মাও নিং বলেন, ফিলিস্তিন প্রশ্নে আমরা সব সময়ই আরব ও ইসলামি দেশগুলোর বৈধ উদ্বেগ এবং নীতি অবস্থানকে সমর্থন করে আসছি। যুদ্ধ-পরবর্তী সময়ে গাজার শাসন ব্যবস্থা অবশ্যই ফিলিস্তিনি জনগণের হাতেই থাকা উচিত এবং তাদের নিজস্ব ভূখণ্ডে বসবাস ও পুনর্গঠনের অধিকার নিশ্চিত করতে হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও মুখপাত্রের এ বক্তব্য প্রকাশ করা হয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও একই বার্তা দিয়েছেন। গত শুক্রবার জাতীয় আইনসভার চলমান বার্ষিক অধিবেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিন ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বল প্রয়োগ করে গাজার মর্যাদা বদলে শান্তি আনা যাবে না বরং এতে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, আমরা একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে, মানবিক সহায়তা বাড়াতে চাই এবং গাজার পুনর্গঠনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত।
চীন বিশ্বাস করে, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আবারো ‘দ্বি-রাষ্ট্র সমাধানের’ পথে ফিরে যেতে হবে। এই লক্ষ্য অর্জনে চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখবে বলেও আশ্বাস দেন মাও নিং।

