পর্তুগালের চতুর্দশ সরকার অবশেষে অনাস্থা ভোটে সংসদে পতনের মুখে পড়েছে। সোমবার (১১ মার্চ) দীর্ঘ বিতর্ক ও নানা নাটকীয় ঘটনার পর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব পাস হয় সংসদে। এতে সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করতে হচ্ছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এডি) সরকারকে।
প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতায় থাকাকালীন পারিবারিক ব্যবসা থেকে সুবিধা নিয়েছেন। এ অভিযোগে সংসদের বেশ কয়েকটি দল তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে।
বিরোধীদের অভিযোগ, এসব প্রশ্নে প্রধানমন্ত্রী কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেননি। এমনকি সরকারের নিজ উদ্যোগে আনা আস্থা প্রস্তাবেও তিনি সংসদের আস্থা আদায় করতে ব্যর্থ হন। প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টি আস্থা প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়। এছাড়াও শেগা, ব্লক এস্কেরদা, পিসিপি, লিব্রে ও পান-এই দলগুলোও সরকারের বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে পিএসডি, সিডিএস এবং ইএল আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
সরকার পতনের ফলে দেশটির প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে অভিবাসন খাতে এর প্রভাব পড়বে ব্যাপকভাবে। অভিবাসীরা তাদের বসবাস অনুমোদন পেতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই রাজনৈতিক অস্থিরতা পর্তুগিজ নাগরিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে।
পরবর্তী পদক্ষেপ হিসেবে, সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে নতুন সরকার গঠনের চেষ্টা করতে পারেন কিংবা নতুন জাতীয় নির্বাচনের ডাক দিতে পারেন।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানিয়েছে, বুধবার (১৩ মার্চ) থেকে তিনি দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবেন। তবে এর আগেই রাষ্ট্রপতি গণমাধ্যমকে জানিয়েছেন, যদি নতুন সরকার গঠন সম্ভব না হয়, তাহলে আগামী ১১ থেকে ১৮ মে’র মধ্যে নির্বাচন আয়োজন করা হতে পারে।

