যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ৮৩ শতাংশ কার্যক্রম বাতিলের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোমবার (১০ মার্চ) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
পোস্টে তিনি বলেন, ছয় সপ্তাহ ধরে পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির ৮৩ শতাংশ কার্যক্রম বাতিল করছি। এতে ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল হয়েছে, যেগুলোর পেছনে বহু বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে। এই কর্মসূচিগুলোর অনেকগুলোই আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল।
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইউএসএআইডি বন্ধে সক্রিয় হয়ে ওঠে তার প্রশাসন। সংস্থাটিতে বড় ধরনের পরিবর্তনের তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী উদ্যোক্তা ইলন মাস্ক।
ইউএসএআইডি ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটিতে প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার বাৎসরিক বাজেট ৬৮ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৪০ বিলিয়ন ডলার ইউএসএআইডির আওতায় ব্যয় হয়ে থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্রের এই সহায়তার ওপর নির্ভরশীল, সেগুলোর জন্য এটি একটি বড় ধাক্কা হতে পারে।

