রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুতির কথা জানিয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আলোচনার পর এই সিদ্ধান্তে আসে কিয়েভ। বুধবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন-ইউক্রেন প্রতিনিধিদলের মধ্যে এক দিনের বৈঠকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা জানায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে বলেন, আমরা প্রস্তাবটি রাশিয়ার কাছে তুলে ধরব। এখন বল তাদের কোর্টে। তিনি জানান, ইউক্রেন গুলিবর্ষণ বন্ধ করে আলোচনা শুরু করতে প্রস্তুত। আর রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে বোঝা যাবে শান্তির পথে বাধা কারা।
জেদ্দায় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন রাশিয়ার সিদ্ধান্ত নেওয়ার পালা। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসবে, নাকি সংঘাত চালিয়ে যেতে চায়- সেটি এখন প্রকাশ করার সময় এসেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বাকবিতণ্ডার পর এই বৈঠক ছিল ইউক্রেন-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এতে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তারা ইউক্রেনকে আবারও গোয়েন্দা তথ্য ভাগাভাগি ও নিরাপত্তা সহায়তা দিতে শুরু করবে।
তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। ক্রেমলিন জানিয়েছে, আলোচনার ফলাফলের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে ব্রিফ পাওয়ার পর তারা প্রতিক্রিয়া জানাবে।
উল্লেখ্য ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরু করে রাশিয়া। বর্তমানে মস্কো ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণে রয়েছে।

