গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির মধ্যেও ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। বুধবার (১২ মার্চ) আল জাজিরা ও আনাদোলুর তথ্যানুসারে এসনটাই জানা যায়।
সংবাদমাধ্যমগুলো জানায়, যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে এসব হামলার তীব্রতা বেড়েছে। গাজা শহরের পূর্বাঞ্চলে বেসামরিক জনগণের ভিড়ে বিমান হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া রাফাহর শোকা গ্রামে ড্রোন হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা। খান ইউনিসের পূর্বাঞ্চলেও ইসরায়েলি সেনারা ঘনবসতিপূর্ণ এলাকায় গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
জাতিসংঘের একাধিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল এখনো গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে।
এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে দোহায় নতুন দফার আলোচনায় বসছে হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ইসরায়েলি কর্মকর্তারা দোহায় পৌঁছেছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, যার মধ্যে রয়েছে বন্দি বিনিময়, স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার।
তবে শান্তি প্রক্রিয়ার ধারাবাহিকতা রক্ষা না করে ইসরায়েলের ধারাবাহিক হামলা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে। এই অবস্থায় জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার প্রবেশে বাধা তুলে নিতে তেলআবিবকে আহ্বান জানিয়েছে।

