ভারতের উচ্চ শুল্ক নীতির বিরুদ্ধে ফের কড়া অবস্থান নিল হোয়াইট হাউস। মঙ্গলবার (স্থানীয় সময়) এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের ওপর উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তুলে বলেন, আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ “সহায়ক নয়”।
তিনি বলেন, ভারত আমাদের কৃষিপণ্য ও মদের ওপর অত্যন্ত উচ্চ শুল্ক আরোপ করে। আপনি কি মনে করেন এতে কেন্টাকি বোরবন ভারতে রপ্তানি করতে সুবিধা হয়? আমার তো মনে হয় না।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে জানা যায়, হোয়াইট হাউসের এই মন্তব্য এসেছে এমন এক সময়- যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ভারতের শুল্কনীতির সমালোচনা করেছেন। তিনি বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ভারত ‘অত্যাধিক শুল্ক’ আরোপ করছে। এর ফলে দুই দেশের মধ্যে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক ব্যাহত হচ্ছে।
ক্যারোলিন আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক সহযোগিতা ও ন্যায্য বাণিজ্যে বিশ্বাসী। আমাদের এমন একজন প্রেসিডেন্ট আছেন, যিনি আমেরিকান ব্যবসা ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করবেন বলে জানান তিনি।
এর আগে ট্রাম্প পার্লামেন্টে দেওয়া এক বক্তৃতায়ও বলেন, ভারত আমাদের থেকে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আদায় করে। এটা মেনে নেওয়া যায় না।
এদিকে মঙ্গলবার ভারতের সংসদের একটি প্যানেল জানায়, যুক্তরাষ্ট্রকে শুল্ক কমানোর বিষয়ে এখনো কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে মার্কিন চাপের মুখে সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বোরবন হুইস্কির ওপর শুল্ক কিছুটা কমিয়েছে ভারত। আগে যেখানে এই পণ্যের ওপর ১৫০ শতাংশ শুল্ক ছিল, সেখানে তা কমিয়ে বর্তমানে ১০০ শতাংশ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, শুল্ক হ্রাসের ফলে ভারতে আমদানি হওয়া জিম বিমসহ অন্যান্য মার্কিন হুইস্কি ব্র্যান্ডের দাম কমতে পারে। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।

