সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগামী ১৭ মার্চ ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক দাতা সম্মেলনে অংশগ্রহণ করতে পারেন। বুধবার (১২ মার্চ) সিরিয়ার একটি সূত্র এবং সফরের সঙ্গে সংশ্লিষ্ট দুই কূটনীতিকের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
গত ডিসেম্বর বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হবে আহমেদ আল-শারার প্রথম ইউরোপ সফর।
ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে এই সম্মেলনের মূল লক্ষ্য হচ্ছে সিরিয়ায় শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক উত্তরণে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা।
এর আগে, ২ ফেব্রুয়ারি তিনি প্রথম বিদেশ সফরে সৌদি আরবে যান। দুই দিনের এই সফরে তিনি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
বিদ্রোহীদের হাতে আসাদ সরকার উৎখাত হওয়ার পর আহমেদ আল-শারা সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি একটি অন্তর্বর্তী আইন পরিষদ গঠন করেন, যা নতুন সংবিধান প্রণয়ন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

