মাত্র ৫০ দিনের ব্যবধানে আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপটে বড় ধরনের পরিবর্তন এনেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ৮০ বছরের গড়ে ওঠা আন্তর্জাতিক কাঠামোতে এমন প্রবল নাড়া আর কোনো মার্কিন প্রেসিডেন্ট দেননি বলেই মনে করছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো।
মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে দেখা যায়, প্রেসিডেন্টের আসনে বসেই ট্রাম্প কার্যত আন্তর্জাতিক কূটনীতির বহুস্থাপনা ভেঙে ফেলার মতো অবস্থান নিয়েছেন। ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তিনি সরাসরি রাশিয়া ও উত্তর কোরিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন- জাতিসংঘে ঐতিহ্যগত মিত্রদের বিপক্ষে গিয়ে ভোট দিয়ে তা স্পষ্ট করেছেন তিনি।
প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়, পানামা খাল, গ্রিনল্যান্ড, গাজা এমনকি কানাডার নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। কানাডাকে ‘একটি বিভেদের কৃত্রিম রেখা’ বলেও উল্লেখ করেন তিনি। এমনকি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং স্যাটেলাইট তথ্য সরবরাহ বন্ধের নির্দেশ দেন।
মিত্রদের ওপর ‘জোঁক’ উপাধি দিয়ে ট্রাম্প তাদের ওপর শুল্ক আরোপ করেছেন। এর ফলে চরম আস্থাহীনতায় পড়েছে ন্যাটো। এমন পরিস্থিতিতে ফ্রান্স ইউরোপব্যাপী নিজস্ব পারমাণবিক ছাতা বিস্তারের চিন্তা করছে এবং পোল্যান্ডও নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির ভাবনায় রয়েছে। তারা আর যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত নিরাপত্তার গ্যারান্টর’ মনে করছে না।
বিবিসি মতে, যুক্তরাষ্ট্রের শিক্ষা দপ্তরে বড় পরিসরে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। কেন্দ্রীয় সরকার ছোট করতে শিক্ষা দপ্তরের ২ হাজার ১০০ কর্মী চাকরি হারাতে পারেন। যদিও শিক্ষা মন্ত্রণালয় বিলুপ্ত করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।
অন্যদিকে, এনডিটিভি জানায়, ভারতের ওপর পুনরায় শুল্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও ভারত মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল।
রয়টার্স জানায়, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়ামে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প। তবে কয়েক ঘণ্টার মধ্যেই এই সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র, যার প্রভাব পড়ে আর্থিক বাজারে।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার নির্দেশে মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বিপুল পরিমাণ নথি ধ্বংসের অভিযোগ উঠেছে। এ নিয়ে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে সরকারি কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে এএফপি প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে নাসার প্রধান বিজ্ঞানীসহ কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ‘সেলফ ডিপোর্টেশন’ নামে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। এর মাধ্যমে আটক কিংবা জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হয়েই নিজ দেশে ফিরতে পারবেন অবৈধ অভিবাসীরা।
সব মিলিয়ে- মাত্র ৫০ দিনেই অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে একের পর এক রূঢ় সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত নীতি ও মিত্রতাকে বড় ধরনের পরীক্ষার মুখে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

