সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণ সম্প্রতি মাত্র ৩৫ মিনিটে সম্পূর্ণ পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হাজীদের ইবাদতে যেন বড় আকারে বিঘ্ন না হয়, সে লক্ষ্যে সাড়ে ৩ হাজার কর্মী একযোগ এই কার্যক্রমে অংশ নেন। আজ বুধবার (১৩ মার্চ) দুবাইভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ এর মাধ্যমে এই তথ্য জানা যায়।
পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর দেখভালের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানিয়েছেন, সাড়ে তিন হাজার নারী ও পুরুষ কর্মী প্রতিদিন ২৪ ঘণ্টা ও সপ্তাহে ৭ দিন ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্রতম এই জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতে দায়িত্ব পালন করে।
তাদের সহায়তার জন্য ১২টি বিশেষায়িত ওয়াশিং মেশিন ও ৬৭৯টি অত্যাধুনিক ক্লিনিং ডিভাইস রয়েছে। সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য মসজিদুল হারামের ভেতরে ও বাইরে রয়েছে ৩ হাজারেরও বেশি কনটেইনার। গড়ে প্রতিদিন ৭০ টন আবর্জনা সংগ্রহ করে সরিয়ে ফেলা হয়। আর হজ মৌসুমে যা ১০০ টনের উপর পৌঁছে যায়।
পবিত্র কাবা কর্তৃপক্ষ পরিবেশবান্ধব পরিচ্ছন্নতা উপকরণ ব্যবহার ও হাজিদের কোনো ধরনের বাঁধা সৃষ্টি না করে ২৪ ঘণ্টা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মূল লক্ষ্য হলো একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা। যাতে আল্লাহর মেহমানরা সহজে ও শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারেন এবং তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হয়। সুন্দর পরিবেশে কায়মনোবাক্যে মহান রাব্বুল আলামিনের নিকট নিজেদের ফরিয়াদ পেশ করতে পারেন।

