ভারতের হরিয়ানা রাজ্যের ১০ পৌরসভার মেয়র নির্বাচনে বিপুল জয় পেয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার (১৩ মার্চ) ঘোষিত ফলাফলে দেখা যায়, ১০টি পৌরসভার মধ্যে ৯টিতেই এককভাবে জয় পেয়েছে দলটি। বাকি একটি পৌরসভায় জয় পেয়েছেন বিজেপির এক বিক্ষুব্ধ নেতা, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন।
কংগ্রেস এ নির্বাচনে একটিতেও জয় ছিনিয়ে আনতে পারেনি। পরাজিত হয়েছে দিল্লি লাগোয়া গুরুগ্রাম, ফরিদাবাদ, পানিপথ, রোহতক, হিসার, কারনাল, আম্বালা, সোনিপত ও যমুনানগরের মতো গুরুত্বপূর্ণ পৌরসভায়। মানেসরে জয়ী হয়েছেন বিজেপির বিদ্রোহী প্রার্থী ইন্দ্রজিৎ যাদব, যিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।
নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সৈনি বলেন, লোকসভা ও বিধানসভার মতো পৌরসভাতেও বিজেপিকে ভোট দিয়ে রাজ্যের মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন- তাঁরা ‘ট্রিপল ইঞ্জিন’ সরকারের পক্ষেই আস্থা রাখছেন। এই সমর্থন ‘বিকশিত ভারত’ গঠনের পথে একটি বড় পদক্ষেপ।
তবে এই ফলাফল কংগ্রেসের জন্য বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে, গত বিধানসভা নির্বাচনের পরপরই ভরাডুবির রেশ কাটিয়ে উঠতে পারেনি তারা। অতিরিক্তভাবে জাট নেতৃত্বের ওপর নির্ভরশীলতা, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের নেতাদের উপেক্ষা, এবং দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব- এই সব মিলিয়েই কংগ্রেসকে ক্রমেই দুর্বল করে তুলেছে। সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডার একক নেতৃত্বের বিপরীতে দলে কোনো বিকল্প সুর না থাকায়- বিজেপির সামনে কার্যকর প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি দলটি।
এমনকি এখনো পর্যন্ত কংগ্রেস বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনেও একমত হতে পারেনি। এই প্রেক্ষাপটে পৌর নির্বাচনের পরাজয় কংগ্রেসের সংগঠনগত দুর্বলতা আরও স্পষ্ট করে তুলল।
এদিকে কংগ্রেসের পাশাপাশি ছিটকে পড়েছে আম আদমি পার্টি, আইএনএলডি এবং সাবেক উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার নেতৃত্বাধীন জননায়ক জনতা পার্টিও (জেজেপি)। বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেও রাজনীতির মূলধারায় নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা।
বিশ্লেষকরা বলছেন, রাজ্যের রাজনৈতিক ভারসাম্য এখন পুরোপুরি বিজেপির দিকে হেলে পড়েছে এবং আসন্ন লোকসভা নির্বাচনেও এর প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

