কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার সকালে শপথ নিতে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও সদ্য নির্বাচিত লিবারেল পার্টি নেতা মার্ক কার্নি। শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরাও অংশ নেবেন বলে বুধবার এক ঘোষণায় জানায় গভর্নর জেনারেলের কার্যালয়। সূত্র: এএফপি
প্রায় এক দশক পর প্রধানমন্ত্রী পদ ছাড়ছেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৫৯ বছর বয়সী উদারপন্থী নেতা কার্নি, যিনি রাজনীতিতে নবাগত হলেও দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়ে গত রোববার বিপুল ব্যবধানে লিবারেল পার্টির নেতৃত্বে আসেন।
ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক এই গভর্নর এমন সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক চাপে রয়েছে। কার্নি ইতিমধ্যেই বাণিজ্য ক্ষেত্রে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। লিবারেল পার্টির নেতৃত্বে জয়ের পর দেওয়া ভাষণে তিনি বলেন, ‘হকির মতো বাণিজ্যেও কানাডা জিতবে।’
বুধবার তিনি জানান, অর্থনৈতিক অস্থিরতা এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত তিনি।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যার পাল্টা জবাবে কানাডাও যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করেছে।

