তালেবান সরকারের ভেতর-বাইরের সংকট এখন প্রকট। দ্বন্দ্ব, দুরবস্থা ও আন্তর্জাতিক চাপে টালমাটাল অবস্থায় টিকে থাকার লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত।
তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর সরকার চালানোর লড়াই চালিয়ে যাচ্ছে। বাইরে থেকে তাদের শক্তিশালী মনে হলেও ভেতরে পরিস্থিতি ভিন্ন। সরকার এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট ও জনগণের ক্ষোভের মুখে পড়েছে।
বিশ্লেষক মাবিন বাইক তাঁর গবেষণায় দেখিয়েছেন, তালেবানের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো বাইরের শক্তি নয়। আসল সমস্যা তাদের নিজেদের ভেতরে। যদি এই বিভাজন নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে সরকার ভেঙে পড়তে পারে। আফগানিস্তান তখন আবার গভীর সংকটে পড়বে।
তালেবানের ভেতরের কোন্দল-
সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলীয় ঐক্য ধরে রাখা। তালেবানের বর্তমান নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদা নেতৃত্বকে আরও কেন্দ্রীভূত করেছেন। এতে নুরজাই গোত্রের প্রভাব বেড়েছে। ফলে অন্য নেতারা ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছেন।
মোল্লা ওমর যখন তালেবানের নেতা ছিলেন, তখন সবাই তার প্রতি শ্রদ্ধাশীল ছিল। তিনি সবাইকে এক ছাতার নিচে রাখতে পেরেছিলেন। কিন্তু আখুন্দজাদা সেই অবস্থান তৈরি করতে পারেননি। তার কঠোর নীতির কারণে দলে বিভাজন বেড়েছে।
তালেবানের গুরুত্বপূর্ণ দুই নেতা মোল্লা ইয়াকুব ও মোল্লা বারাদার নিজেদের প্রভাব বাড়িয়েছেন। এতে সরকারের ভেতরে একাধিক শক্তি কেন্দ্র গড়ে উঠেছে। ফলে নীতিনির্ধারণেও মতবিরোধ দেখা দিয়েছে।
দোহা সংলাপের সময় তালেবান যে ঐক্য দেখিয়েছিল তা এখন আর নেই। বরং শীর্ষ নেতৃত্বের মধ্যে ক্ষমতার লড়াই স্পষ্ট হয়ে উঠেছে।
অর্থনৈতিক সংকট-
অভ্যন্তরীণ দ্বন্দ্বের পাশাপাশি তালেবানের জন্য আরেকটি বড় সমস্যা অর্থনীতি। আফগানিস্তানের অর্থনীতি আগে থেকেই দুর্বল ছিল। তালেবান ক্ষমতা নেওয়ার পর অবস্থা আরও খারাপ হয়েছে।
দেশটি আগে বিদেশি সহায়তা ও প্রবাসী আয়নির্ভর ছিল। তালেবান আসার পর এসব সহায়তা বন্ধ হয়ে গেছে। এখন সরকার অর্থের জন্য খনি খাতের ওপর নির্ভর করছে। এটি হাজি বশির নুরজাইয়ের মতো ব্যক্তিদের নিয়ন্ত্রণে রয়েছে।
সরকার সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত কর চাপাচ্ছে। এতে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে উঠছে। জানুয়ারিতে আফগান মুদ্রার মান কমে যায়। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়।
তালেবান সরকার পুঁজি পাচার ঠেকাতে জানুয়ারিতে কিছু নিয়ম করে। বিমানবন্দর দিয়ে ৫ হাজার ডলারের বেশি এবং স্থলপথে ৫০০ ডলারের বেশি নেওয়া নিষিদ্ধ করা হয়। কিন্তু এই নিয়ম কার্যকর হয়নি। এতে ব্যবসায়ীদের অসুবিধা হয়েছে।
ফেব্রুয়ারিতে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সমস্যা হয়। ফলে তোর্কহাম সীমান্ত বন্ধ হয়ে যায়। এতে খাদ্য ও অন্যান্য পণ্যের সরবরাহ বাধাগ্রস্ত হয়। প্রায় পাঁচ হাজার ট্রাক সীমান্তে আটকে যায়।
আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক সংকট-
নারী অধিকারসহ নানা বিষয়ে তালেবানের কঠোর নীতি আন্তর্জাতিক বিশ্বকে বিরক্ত করেছে। বিদেশি বিনিয়োগকারীরা আফগানিস্তানে বিনিয়োগ করতে আগ্রহী নয়।
পশ্চিমা দেশগুলো এমন সরকারের সঙ্গে কাজ করতে চায় না, যারা নারী শিক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা দমন করে। এতে তালেবান সরকারের অর্থনৈতিক সংকট আরও বেড়েছে।
সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর তালেবানের প্রতি আগ্রহ কমে গেছে। পাকিস্তান ও চীনও তাদের সহযোগিতা সীমিত রেখেছে।
যুক্তরাষ্ট্র তালেবানকে সহায়তা বন্ধের পরিকল্পনা করছে। মার্কিন সিনেটর টিম শেডি একটি বিল উত্থাপন করেছেন। এতে বলা হয়েছে, মার্কিন করদাতাদের টাকা যেন তালেবান সরকারের হাতে না যায়।
তালেবানের ভবিষ্যৎ কী?
তালেবান সরকারের দুর্বলতা বিরোধী গোষ্ঠীগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠীগুলো প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।
আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানের এই দুর্বলতা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো গোপনে বিকল্প শক্তিগুলোকে সমর্থন দিতে পারে। এতে তালেবান আরও চাপে পড়বে।
তালেবান যদি দলীয় বিভক্তি কমাতে না পারে, অর্থনৈতিক সংকট নিয়ন্ত্রণ করতে না পারে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নত না করে, তাহলে তাদের সরকার টিকে থাকা কঠিন হবে। আফগানিস্তান তখন আবার বড় সংকটে পড়তে পারে। এতে শুধু দেশ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।

