রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়ায় এটিকে ‘ছলনা’ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন প্রায়ই এমন কৌশল গ্রহণ করেন, যা সরাসরি প্রত্যাখ্যান না হলেও সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব সৃষ্টি করে এবং সমস্যার সমাধানকে জটিল করে তোলে।
জেলেনস্কি আরও বলেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।
এর আগে পুতিন জানিয়েছিলেন, তিনি যুদ্ধের অবসানে আগ্রহী। তবে এটি শুধুমাত্র একটি সাময়িক যুদ্ধবিরতি হওয়া উচিত নয়, বরং সংকটের মূল কারণগুলোর সমাধান করে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
বিবিসি মনিটরিংয়ের রাশিয়াবিষয়ক সম্পাদক মন্তব্য করেছেন, পুতিনের কথার মধ্যে ‘হ্যাঁ’-এর ভেতর ‘না’ লুকিয়ে আছে।
এদিকে, যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ মস্কোতে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রুশ প্রেসিডেন্টের প্রতিক্রিয়াকে ‘প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছেন। তিনি জানান, তিন বছর ধরে চলমান এই যুদ্ধের অবসান চান তিনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে, যা স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর সবচেয়ে বড় সংঘাত হিসেবে দেখা দেয়।
২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে রুশ বাহিনী ইউক্রেনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বর্তমানে দেশটির প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
গত বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি আশা করেন যে ক্রেমলিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হবে। ইউক্রেন ইতোমধ্যে এ প্রস্তাবে সমর্থন জানিয়েছে।

