মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এখনো ভালো সম্পর্ক রয়েছে। একইসঙ্গে তিনি দেশটিকে আবারও ‘পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রথম মেয়াদে কিমের সঙ্গে বেশ কয়েকটি সম্মেলন করেছিলেন ট্রাম্প। এবারও সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তিনি ইঙ্গিত দিয়েছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, তিনি কিমের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা করছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, “আমি চাই… কিম জং উনের সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে তিনি অবশ্যই একজন পারমাণবিক শক্তিধর।”
গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তি’ বলে উল্লেখ করেন।
রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “আমরা যদি অস্ত্রের সংখ্যা কমাতে পারি, তবে এটি একটি বড় অর্জন হবে। আমাদের কাছে অনেক শক্তিশালী অস্ত্র রয়েছে।”
এদিকে, ট্রাম্পের মন্তব্যে উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না—এ প্রশ্নে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা চালিয়ে যাবেন, যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।
এর আগে, ১৫ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

