যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি বিমানে। তবে বিমানে থাকা ১৭৮ জন যাত্রী ও ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে, ডালাসগামী আমেরিকান এয়ারলাইন্সের এক ফ্লাইটে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার পর আতঙ্কিত অনেক যাত্রী বিমানের ডানায় উঠে পড়েন। দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
আমেরিকান এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানান, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি কলোরাডো স্প্রিংস থেকে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। তবে জরুরি পরিস্থিতির কারণে সেটিকে ডেনভারে অবতরণ করানো হয়।
ঘটনার পর যাত্রীদের সরিয়ে নেওয়ার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ভিডিওতে দেখা যায়, কিছু যাত্রী জোরপূর্বক বিমানের ডানায় উঠে আসছেন, আর বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে।
বিমান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইটে থাকা ১৭২ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের টার্মিনালে স্থানান্তর করা হয়েছে। সংস্থাটি দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার জন্য তাদের ক্রু, ডেনভার বিমানবন্দরের টিম ও জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়েছে।
আগুন নিভে গেলেও তার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

