মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার আগ্রহ প্রকাশ করেছেন। তার মতে, আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে এই বিশাল দ্বীপটি যুক্তরাষ্ট্রের অধীনে থাকা উচিত।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, “আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের দখল আমাদের প্রয়োজন। এটি শুধু যুক্তরাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার বিষয়।”
ট্রাম্পের বক্তব্যের মধ্যে তিনি ‘প্রিয় খেলোয়াড়’ শব্দগুচ্ছ ব্যবহার করেন, যা মূলত চীন এবং রাশিয়াকে ইঙ্গিত করে। তিনি বহুবার সতর্ক করে বলেছেন যে, গ্রিনল্যান্ডের উপকূলীয় এলাকায় চীন ও রাশিয়ার উপস্থিতি বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে।
ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনার সময় ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, গ্রিনল্যান্ডের মালিকানা একসময় আমাদের হাতে আসবে। যদিও আমি এ বিষয়ে আগে খুব একটা ভাবিনি, তবে এখন গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করছি। নিকট ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হবে।“
ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটো মহাসচিব কোনো মন্তব্য করেননি। তবে গ্রিনল্যান্ডের সদ্য নির্বাচিত ডেমোক্রাটিট পার্টির নেতা জেনস-ফ্রেডেরিক নিলসেন ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, “এই ধরনের মন্তব্য সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের সবাইকে গ্রিনল্যান্ডের স্বার্থ রক্ষায় একসঙ্গে কাজ করতে হবে।”
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, “ট্রাম্পের এই মনোভাব অসহনীয়। যুক্তরাষ্ট্রের উচিত এই ধরনের বিষয় থেকে সরে আসা।”
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন ২১ লাখ ৬৬ হাজার ৮৬ বর্গকিলোমিটার, যেখানে মাত্র ৫৬,৫৮৩ জন বাসিন্দা বসবাস করেন। এদের অধিকাংশই ইনুইট জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। যদিও এটি ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ, তবে এটি ডেনমার্কের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এখানকার বাসিন্দারা ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নের নাগরিকত্ব ভোগ করেন।
উত্তর মেরুর নিকটবর্তী হওয়ায় বছরের বেশিরভাগ সময় এই দ্বীপটি তুষারাচ্ছাদিত থাকে। তবে ভূতাত্ত্বিকরা জানিয়েছেন, দ্বীপটির গভীরে প্রচুর পরিমাণে জ্বালানি তেল এবং খনিজ সম্পদ রয়েছে।
গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ট্রাম্পের জন্য নতুন নয়। ২০১৯ সালে তার প্রথম প্রেসিডেন্সি চলাকালীন তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ড কেনা উচিত। ২০২৩ সালের ২৫ নভেম্বরও ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে একই আগ্রহ প্রকাশ করেন। তিনি লিখেছিলেন, “বিশ্বের নিরাপত্তা এবং স্বাধীনতার স্বার্থে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তবে, এই দাবির জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেড়ে পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, “গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, আর কখনো হবে না। আমরা স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করেছি এবং এটি ধরে রাখব।”

