ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে চীন, রাশিয়া ও ইরানের শীর্ষ কূটনীতিকরা শুক্রবার (১৪ মার্চ) বেইজিংয়ে একত্রিত হন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
কয়েক দিন আগেই ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানায়, তেহরানের পারমাণবিক ইস্যুতে তিন দেশের এই বৈঠক বেইজিংয়ে হবে। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওসু বৈঠকে সভাপতিত্ব করবেন।
এই একই দিনে নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হবে।

২০১৫ সালে ইরান যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি করেছিল। এই চুক্তির আওতায় নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে রাজি হয়।
কিন্তু ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে আসেন। সম্প্রতি তিনি জানান, ইরানের নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
পশ্চিমা দেশগুলো মনে করছে, ইরান দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “আলোচনায় বসব না। যা খুশি করুন।”
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। তিনি বলেন, “আমরা বছরের পর বছর আলোচনা করেছি। চুক্তি করেছি। কিন্তু তারপর ওই ব্যক্তি (ট্রাম্প) সেটি বাতিল করেছেন।”
তিনি আরও বলেন, “এমন পরিস্থিতিতে আমরা আবার কীভাবে আলোচনা করতে পারি? আমরা জানি, তারা কথা রাখবে না। তাহলে আলোচনার মানে কী?”
খামেনি জানান, তিনি ট্রাম্পের পাঠানো চিঠিটি দেখেননি। এটি সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে পাঠানো হয়েছিল বলে তিনি শুনেছেন।

