যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার (১৩ মার্চ) জানিয়েছে, তারা বিশ্বজুড়ে দুই হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সাহায্য তহবিলে বড় ধরনের কাটা-ছাঁটার পর।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘এটি আমাদের সমগ্র সম্প্রদায়ের জন্য একটি কঠিন দিন।’’ ইউএসএইড (মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা) ৮০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল বন্ধ করে দেওয়ায়, এখন তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়টি মার্কিন রাজধানী ওয়াশিংটনের উত্তরে মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি বিশ্বজুড়ে ৪৪টি দেশের প্রকল্পে ১ হাজার ৯৭৫ জন কর্মী এবং যুক্তরাষ্ট্রে ২৪৭ জন কর্মী ছাঁটাই করবে।
নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বে ফেডারেল ব্যয় কমানোর জন্য ইউএসএইডের বৈদেশিক সাহায্য তহবিল কাটা হয়েছে। এর ফলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্চ মাসের শুরুতে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সভাপতি রোনাল্ড ড্যানিয়েলস শিক্ষার্থী ও অধ্যাপকদের উদ্দেশে এক বার্তায় জানান, গত বছর তাদের প্রাপ্ত তহবিলের প্রায় অর্ধেকই ফেডারেল অর্থের মাধ্যমে এসেছিল। তিনি বলেন, ‘‘এটি একটি ঐতিহাসিক সম্পর্ক। যেখানে আমেরিকান সরকার ও গবেষণা বিশ্ববিদ্যালয় একসঙ্গে কাজ করেছে বিশ্বজুড়ে স্বাস্থ্য, চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি উন্নত করতে।’’
বিশ্ববিদ্যালয়টি আরও জানিয়েছে, তারা গর্বিত যে জনস হপকিন্স জাপাইগো, ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেলথ ও স্কুল অফ মেডিসিনের মাধ্যমে মা ও শিশুদের যত্ন, রোগ প্রতিরোধ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অন্যান্য জীবন রক্ষাকারী কাজ করেছে।

