ভারতের মিজোরামে বর্তমানে ২ হাজার ২১৭ জন বাংলাদেশি নাগরিক শরণার্থী হিসেবে অবস্থান করছেন। গতকাল মিজোরাম রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাপডাঙ্গা বিধানসভার অধিবেশনে এই তথ্য দেন।
মন্ত্রী বলেন, মিজোরামে মোট ৪১ হাজার ৩৫৫ জন শরণার্থী আশ্রয় নিয়েছেন। এর মধ্যে ৩৩ হাজার ৫০৫ জন মিয়ানমার থেকে এসেছেন। ৫ হাজার ৬৩৩ জন মণিপুর থেকে এবং ২ হাজার ২১৭ জন বাংলাদেশি শরণার্থী হিসেবে এখানে আছেন।
তিনি আরও জানান, এই শরণার্থীরা নিজেদের দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে মিজোরামে চলে এসেছেন।
মণিপুর থেকে আসা শরণার্থীদের বিষয়ে মিজোরাম সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি মণিপুরে ফিরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে। তারা মণিপুরের রাষ্ট্রপতি শাসিত সরকারের সঙ্গে এ নিয়ে যোগাযোগ শুরু করেছে।
মিয়ানমার ও বাংলাদেশি শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে কে সাপডাঙ্গা কিছু বলেননি। তবে তিনি শরণার্থীদের খাদ্য সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন।

