কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। তার এই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির সরাসরি জবাব। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অটোয়ার রিডো হলে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে কার্নি বলেন, “আমরা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবো না। আমরা একটি স্বাধীন ও স্বতন্ত্র দেশ।” তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান আশা করে। তবে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার উপায় খুঁজবে।
মাত্র এক সপ্তাহ আগেই অনুষ্ঠিত নির্বাচনে কার্নি বিপুল ব্যবধানে জয় পান। তিনি ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন। এতে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডসহ অন্য প্রতিদ্বন্দ্বীরা পরাজিত হন। তবে তিনি আগে কখনো কোনো নির্বাচনে অংশ নেননি। এমনকি তিনি হাউস অব কমন্সের সদস্যও নন। কানাডার ইতিহাসে এমন ঘটনা বিরল।
এখন ধারণা করা হচ্ছে, কার্নি খুব শিগগিরই সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। কারণ সংসদে তার কোনো আসন নেই। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংকটের কারণে তিনি দ্রুত রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইবেন।
এদিকে, অর্থনৈতিক চাপ কানাডার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দীর্ঘদিন মার্কিন বাণিজ্য শুল্ক বহাল থাকলে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে দেশটি মন্দার মুখে পড়ার ঝুঁকিতে থাকবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বক্তব্যে বলেন, “কানাডার জন্য যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া অর্থনৈতিকভাবে লাভজনক হবে।” এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কার্নি স্পষ্ট ভাষায় বলেন, “এটা পাগলামি। এর বেশি কিছু বলার নেই।”
নতুন প্রধানমন্ত্রীর এই বক্তব্য কানাডার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি তার দৃঢ় অবস্থানকে স্পষ্ট করেছে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে এবং কানাডা কী সিদ্ধান্ত নেয়।

