ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ নীতির অংশ হিসেবে দেশটির তেলমন্ত্রী ও ১০টি ট্যাংকার জাহাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলো ইরানের তেল অবৈধভাবে বিশ্ববাজারে রপ্তানির কাজে ব্যবহৃত হতো বলে অভিযোগ তুলেছে মার্কিন প্রশাসন।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি জাহাজ বর্তমানে বাংলাদেশে ভাঙার জন্য আনা হয়েছে। ১৯৯৭ সালে নির্মিত এই জাহাজটি ‘ইতায়ুগুয়া’ নামে পরিচিত এবং এটি কমরোসের পতাকাবাহী। বিশাল আকৃতির এই তেলবাহী জাহাজ বর্তমানে বাংলাদেশের জলসীমায় নোঙর করা রয়েছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এটি ভাঙা হবে কি না, তা এখন অনিশ্চিত বলে জানা যায়। সূত্র: স্পেল্স
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলো ইরানের ‘ছায়া জাহাজ বহর’-এর অংশ, যা বিশ্বজুড়ে তেল রপ্তানির কাজে ব্যবহৃত হয়ে আসছে।
প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কড়াকড়ি নিষেধাজ্ঞা আরোপের নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে, যাতে দেশটি পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ যোগাড় করতে না পারে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের তেলমন্ত্রী বিলিয়ন বিলিয়ন ডলারের তেল রপ্তানির তদারকি করেছেন এবং সেই অর্থের একটি বড় অংশ ইরানের সামরিক বাহিনীর কাছে সরবরাহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান তেল বিক্রির অর্থ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় না করে সরকার ও সামরিক স্বার্থ রক্ষায় ব্যবহার করছে।
এছাড়া যেসব প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ পরিচালনা করছিল, তাদের নামও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ রয়েছে- এসব জাহাজ চীনে ইরানি তেল সরবরাহ করছিল এবং ভারত ও চীনের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, ইরানের সামরিক বাহিনী চীনে তেল পাঠানোর জন্য এই ছায়া জাহাজ বহরের ওপর নির্ভর করে আসছে। তবে মার্কিন নিষেধাজ্ঞার ফলে এসব কার্যক্রম ব্যাহত হতে পারে।

