মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক টেলিভিশন ভাষণে তিনি রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করার পরামর্শ দেন।
রয়টার্স অনুসারে জানা যায়, ট্রাম্প রুশ প্রেসিডেন্টকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার জীবন বাঁচানোর’ অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে পুতিন বলেন, যারা আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং মর্যাদার সঙ্গে আচরণ করা হবে।
পুতিন আরো বলেন, “আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবন রক্ষা করা হবে।” একইসঙ্গে তিনি কিয়েভ নেতৃত্বের প্রতি আহ্বান জানান, তারা যেন কুরস্কে অবস্থানরত সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়।
ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, সৌদি আরবে এক আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানায়। এরপরই আসে ট্রাম্পের এই আহ্বান। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে মত দেয়নি, তবে পুতিন নীতিগতভাবে প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়েছেন।
তবে রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন, কুরস্কে তাদের সেনারা ব্যাপক চাপের মুখে রয়েছেন।
গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত। এই প্রেক্ষাপটে রাশিয়াও জোরালো পাল্টা জবাব দিয়েছে।
বর্তমানে কুরস্কে রুশ সেনারা ইউক্রেনের দখলে থাকা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করেছে। ফলে সম্ভাব্য শান্তি আলোচনায় মস্কোর বিরুদ্ধে কিয়েভের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

