যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম এবং দক্ষিণ-পূর্ব অঞ্চলে প্রবল টর্নেডো ও ঝড়ের কারণে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মিসৌরিতে, যেখানে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মিসৌরির পাশাপাশি কানসাসে ৮, আরকানসাসে ৩, মিসিসিপিতে ৬, টেক্সাসে ৩ এবং ওকলাহোমায় ১ জনের মৃত্যু ঘটে। সিএনএনের রিপোর্ট অনুযায়ী, শনিবার (১৫ মার্চ) মার্কিন বিভিন্ন অঞ্চলে দ্রুত টর্নেডো ও ঝড় উঠে।
শুক্রবার রাতে মিসৌরিতে একটি ভয়াবহ টর্নেডো তাণ্ডব চালায়, যাতে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। আরকানসাসে হতাহতের ঘটনা ঘটেছে। গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছেন।
টেক্সাসে ওই ঝড়ের কারণে পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠেছে। অ্যামারিলো এলাকায় ধুলিঝড়ের ফলে সড়ক দুর্ঘटनায় বেশ কয়েকজন প্রাণ হারান। আবহাওয়া অফিস জানিয়েছে, এটি শুধুমাত্র শুরু।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরও টর্নেডোর সম্ভাবনা রয়েছে, বিশেষভাবে লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা ও জর্জিয়ায়। একই সাথে, উত্তরাঞ্চলে তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রায় ১০০ মাইল প্রতি ঘণ্টায় পৌঁছে যেতে পারে। ওকলাহোমায় এতো প্রবল বাতাস বইছে যে, বহু ট্রাক উল্টে গেছে। ঝড়ের তাণ্ডবের পাশাপাশি টেক্সাস, কানসাস, মিসৌরি ও নিউ মেক্সিকোতে দাবানলের ঝুকিও বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে দুই লাখেরও বেশি বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই রূপ পরিস্থিতি মোকাবিলা করতে জর্জিয়া ও আরকানসাসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

