দক্ষিণ আফ্রিকার ছোট্ট দেশ বতসোয়ানার গর্ভে লুকিয়ে ছিল এক আশ্চর্য রত্নভাণ্ডার। রাজধানী গ্যাবোরোন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, একটি বিলুপ্ত আগ্নেয়গিরির পেটেই মিলেছে বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি- ‘জোয়ানেং’। সূত্র: বিবিসি
বিশ্বখ্যাত ডায়মন্ড কোম্পানি ডি বিয়ার্স ও বতসোয়ানা সরকারের যৌথ মালিকানাধীন ডেবসওয়ানা পরিচালিত এই খনিটির বাজারমূল্য আনুমানিক ৯ হাজার ৬১৫ কোটি মার্কিন ডলার।
‘খনির রাজপুত্র’ নামে পরিচিত জোয়ানেং ২০২৩ সালেই উৎপাদন করেছে প্রায় ১৩৩ লক্ষ ক্যারাট হীরা। বিশাল উৎপাদনক্ষমতা এবং উচ্চমানের রত্নপাথরের জন্যই এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান হীরার খনি হিসেবে পরিচিত।
জোয়ানেং শব্দের আক্ষরিক অর্থ ‘রত্নপাথরের স্থান’। এই খনিটি তৈরি হয়েছে কিম্বারলাইট নামের একটি বিরল আগ্নেয়শিলা দ্বারা, যার গঠন পৃথিবীর গভীরে- হীরার উৎস হিসেবে পরিচিত।
১৯৭০ সালে ডি বিয়ার্সের মাধ্যমে খনিটির সন্ধান মেলে এবং ১৯৮২ সালে বাণিজ্যিক উত্তোলন শুরু হয়। খনিটির গভীরতা বর্তমানে ৪০০ মিটার, তবে ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে ‘কাট-৯’ নামে একটি সম্প্রসারণ প্রকল্প, যার মাধ্যমে খনির আয়ুষ্কাল ২০৩৪ সাল পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
খনির কাজ সম্পূর্ণরূপে উন্নত প্রযুক্তিনির্ভর- ব্যবহৃত হচ্ছে এক্স-রে ও লেজার শর্টার প্রযুক্তি। প্রতি বছর এখান থেকে উত্তোলিত হয় বিশ্বের সেরা মানের হীরাগুলোর অন্যতম।
ডেবসওয়ানার মোট আয়ের ৭০ শতাংশই আসে জোয়ানেং থেকে। আনুমানিক ১৬.৬ কোটি ক্যারাট হীরার মজুত রয়েছে এই খনিতে। এরই প্রভাবে বতসোয়ানা ১৯৬০-এর দশকের দারিদ্র্যপীড়িত অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২০২১ সালে এখান থেকেই পাওয়া যায় এক ১,০৯৮ ক্যারাটের বিশাল হীরার খণ্ড।
বিশ্বে হীরার খনি রয়েছে মাত্র ২৩টি দেশে। এর মধ্যে রাশিয়া, বতসোয়ানা, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অ্যাঙ্গোলা ও নামিবিয়ায় বড় হীরার খনি অবস্থিত। রাশিয়া বিশ্ব হীরা উৎপাদনে শীর্ষে, যোগান দেয় মোট ৩০ শতাংশ। তবে রাশিয়ার পরেই অবস্থান বতসোয়ানার- দেশটিতে বর্তমানে ৩০ কোটি ক্যারাট হীরার মজুত রয়েছে।
বর্জ্য পাথরের কারণে কিছু পরিবেশগত উদ্বেগ থাকলেও ২০০০ সালে জোয়ানেং ছিল বতসোয়ানার প্রথম খনি যা আইএসও পরিবেশবান্ধব শংসাপত্র অর্জন করে।
আগামী কয়েক বছরের মধ্যে এই খনি থেকে প্রায় ২০০০ কোটি পাউন্ড মূল্যের হীরা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টির আশা করছে দেশটি। জোয়ানেং শুধু একটি খনি নয় বরং একটি জাতির অর্থনৈতিক বিকাশের প্রতীক হয়ে উঠেছে।

