দেশে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের তুলনায় সাত গুণেরও বেশি। দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের ২০.৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাট বহন করে। অন্যদিকে সবচেয়ে ধনী পরিবারগুলোর ক্ষেত্রে এই হার মাত্র ২.৮০ শতাংশ। অর্থাৎ যে পরিবারের আয় কম, দৈনন্দিন কেনাকাটার মাধ্যমে তাদের আয়ের বড় অংশই কর হিসেবে চলে যাচ্ছে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর ওপর ভ্যাটের চাপ আরও বেশি। এসব পরিবারের আয়ের ২৩ শতাংশের বেশি ভ্যাট হিসেবে পরিশোধ করতে হয়। শহরের দরিদ্র পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ১৬.৫ শতাংশ। এর পেছনে বড় কারণ ভ্যাটের ধরন। ভ্যাট মূলত পণ্য ও সেবা কেনার সময় দামের সঙ্গে যুক্ত থাকে। ধনী ও দরিদ্র উভয়কেই অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সময় ভ্যাট দিতে হয়। কিন্তু দরিদ্র পরিবারগুলো তাদের আয়ের বড় অংশই খাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে ব্যয় করে। ফলে একই ধরনের কর তাদের আয়ের তুলনায় বেশি চাপ তৈরি করে। তবে গবেষণায় ভ্যাটের বোঝা আয়ের অনুপাতে হিসাব করা হয়েছে। ভোগব্যয়ের অনুপাতে হিসাব করলে বিভিন্ন আয়গোষ্ঠীর মধ্যে এই ব্যবধান তুলনামূলক কম দেখা যায়।
গবেষণায় আয়কর ব্যবস্থায়ও বড় ধরনের অসমতা পাওয়া গেছে। সবচেয়ে দরিদ্র ৭০ শতাংশ পরিবারের আয় সাধারণত করযোগ্য সীমার নিচে থাকায় তাদের ব্যক্তিগত আয়কর দিতে হয় না বললেই চলে। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার দেশের মোট পারিবারিক আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। প্রচলিত করহার অনুযায়ী সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশের বেশি এই উচ্চ আয়ের পরিবারগুলোর কাছ থেকেই আসার কথা। গবেষণায় আরও দেখা গেছে, ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের ১১.০৩ শতাংশ সমপরিমাণ ব্যক্তিগত আয়কর দেওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু বাস্তবে আয়কর আদায়ের পরিধি অনেক ছোট। র্যাপিডের হিসাবে, দেশের মোট শ্রমশক্তির মাত্র ৩.৫৭ শতাংশ সক্রিয় ব্যক্তি আয়করদাতা হিসেবে নিবন্ধিত। ই-টিআইএনধারীদের মধ্যেও রিটার্ন জমা দেওয়ার হার কম। ব্যক্তি ও অন্যান্য শ্রেণিতে এই হার ৪৩.১ শতাংশ, আর কোম্পানির ক্ষেত্রে মাত্র ২৩.৬ শতাংশ। ফলে যাদের কর দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের বড় একটি অংশকে কার্যকরভাবে করের আওতায় আনা যাচ্ছে না।
আয়ের চেয়ে সম্পদের বণ্টনে বৈষম্য আরও বেশি বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। দেশের মোট প্রকৃত ব্যক্তিগত সম্পদের ৪৭.৪ শতাংশ রয়েছে সবচেয়ে ধনী ১ শতাংশ পরিবারের হাতে। শীর্ষ ১০ শতাংশ পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে মোট সম্পদের ৭৬.৪ শতাংশ। বিপরীতে সবচেয়ে কম সম্পদের মালিক অর্ধেক পরিবারের হাতে রয়েছে মাত্র ৩.৪ শতাংশ। অর্থাৎ আয় ও সম্পদ দুই ক্ষেত্রেই দেশের অর্থনৈতিক বৈষম্য কতটা গভীর, তা গবেষণার এই চিত্রে স্পষ্ট হয়েছে।
র্যাপিডের গবেষণায় শুধু করের বৈষম্য নয়, সরকারের রাজস্ব আদায়ের বড় ঘাটতির চিত্রও উঠে এসেছে। গবেষকদের হিসাবে, নতুন কর আরোপ বা বিদ্যমান করের হার বাড়ানোর প্রয়োজন নেই। বরং প্রচলিত আইন যথাযথভাবে প্রয়োগ, করের আওতা বাড়ানো এবং কর ফাঁকি বন্ধ করা গেলে দেশের কর-জিডিপি অনুপাত ২০২৩ সালের প্রায় ৭.৩ শতাংশ থেকে ১৩.৫ শতাংশে উন্নীত করা সম্ভব। কর-জিডিপি অনুপাত বলতে দেশের মোট অর্থনীতির আকারের তুলনায় সরকার কতটা কর আদায় করছে, তা বোঝায়।
২০২১-২২ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় দেখা গেছে, ওই সময়ে শুধু ব্যক্তিগত আয়কর ও দেশের ভেতরের পণ্য ও সেবার ভ্যাট থেকেই জিডিপির ৫.৮৯ শতাংশ সমপরিমাণ রাজস্ব আদায়ের সুযোগ ছিল, যা আদায় করা যায়নি। ব্যক্তিগত আয়কর থেকে সম্ভাব্য রাজস্ব ছিল জিডিপির ৪.৮৫ শতাংশ, অথচ প্রকৃত আদায় ছিল মাত্র ০.৯৮ শতাংশ। অভ্যন্তরীণ ভ্যাটের ক্ষেত্রে সম্ভাব্য আদায় ৩.৮২ শতাংশ হলেও প্রকৃত আদায় ছিল ১.৮০ শতাংশ। তবে এই হিসাবের মধ্যে করপোরেট আয়কর ও আমদানি পর্যায়ের ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি।
গবেষকদের মতে, ভ্যাট আদায়ের ক্ষেত্রেও বড় ধরনের দুর্বলতা রয়েছে। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান যথাযথভাবে নিবন্ধিত নয়, কোথাও বিক্রির তথ্য গোপন করা হয়, আবার কোথাও ক্রেতার কাছ থেকে ভ্যাট নেওয়ার পরও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় না। এসব অনিয়ম বন্ধে ডিজিটাল লেনদেন পর্যবেক্ষণ, ব্যাংক ও জমির তথ্যের মধ্যে সংযোগ তৈরি, ইলেকট্রনিক ইনভয়েস চালু এবং ঝুঁকিভিত্তিক নিরীক্ষা জোরদারের সুপারিশ করেছেন গবেষকরা। পাশাপাশি উচ্চ আয়ের পেশাজীবী ও ব্যবসায়ীদের করের আওতায় আনা, করপোরেট কর ছাড় পর্যালোচনা এবং করমুক্ত সীমা রেখে প্রগতিশীল উত্তরাধিকার কর চালুর বিষয়টিও বিবেচনার কথা বলা হয়েছে।
র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, রাজস্ব আদায়ের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে বিচার করা যায় না। করব্যবস্থা কতটা ন্যায্য ও স্বচ্ছ, করদাতারা কতটা হয়রানিমুক্ত এবং করের বিনিময়ে মানুষ কতটা মানসম্মত সরকারি সেবা পাচ্ছে, সেগুলোও গুরুত্বপূর্ণ। ফ্রিডরিখ এবার্ট স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহায়তায় তৈরি ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকুয়েন্সেস’ শীর্ষক গবেষণাটি শনিবার ঢাকার একটি হোটেলে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মুশফিকুর রহমান, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান জায়েদি সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সায়মা হক বিদিশা এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

