ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিতে ইসরায়েলে সাইরেন বেজেছে। নাগরিকদের বাংকার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়ার কিছুক্ষণ পরই আবার সাইরেন বাজানো হয়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তর ও দক্ষিণ ইসরায়েলে সাইরেন বাজানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, ইসরায়েল তেহরানে নতুন করে হামলা চালিয়েছে, বিশেষ করে মেহরান ও ডিস্ট্রিক্ট ৬-এর আশপাশের এলাকায়। এরপর ইরানও পাল্টা হামলা চালায়।
এছাড়া আল সুমারিয়া টিভি নেটওয়ার্ক জানিয়েছে, ইরাকের ইমাম আলী ঘাঁটির রাডার সিস্টেমে হামলা হয়েছে, তবে এই হামলার জন্য কে দায়ী তা নিশ্চিত করা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করে এই যুদ্ধে বিরতি টানার চেষ্টা করেছেন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এপি জানায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনো কোনো যুদ্ধবিরতি চুক্তি হয়নি। তবে তিনি এক্স-এ পোস্ট করে বলেছেন, ইসরায়েল যদি ভোর সাড়ে ৪টার (ইরানের স্থানীয় সময়) মধ্যে হামলা বন্ধ করে, তাহলে ইরানও সামরিক প্রতিক্রিয়া বন্ধ করবে। তিনি আরো বলেন, “ইরান বারবার স্পষ্ট করেছে- ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করেছে, ইরান ইসরায়েলের ওপর নয়।”
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সাইরেন, ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণ অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আগ্রাসন বন্ধের শর্ত দিয়েছে, তবে পরিস্থিতি এখনো অস্থিতিশীল। মার্কিন মধ্যস্থতা সত্ত্বেও যুদ্ধবিরতি চূড়ান্ত হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

