সম্প্রতি কাতারে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আগে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। আর সেই অদ্ভুত আচরণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছিলেন ইরানের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তেহরান কেন আগেভাগেই শত্রুপক্ষকে আঘাত হানার ইঙ্গিত দিল?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উঠে এসেছে বেশ কিছু কৌশলগত ও রাজনৈতিক ব্যাখ্যা।
নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্রুহলিং বলেন, ইরানের এই হামলা ছিল মূলত “প্রতীকী” অর্থাৎ, তাদের আসল উদ্দেশ্য ছিল সংঘাতের মাত্রা কমিয়ে রাখা, কোনো বড় যুদ্ধ বাঁধিয়ে ফেলা নয়।
তার মতে, ইরান ইচ্ছাকৃতভাবেই সময় এবং টার্গেট সম্পর্কে আগাম বার্তা দিয়েছে যেন মার্কিন ও কাতারি বাহিনী আগে থেকেই প্রস্তুতি নিতে পারে, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য। এটি ছিল একটি সচেতন কৌশল—বলে দেওয়া, “আমরা রাগান্বিত, কিন্তু যুদ্ধ চাই না।”
ফ্রুহলিং আরও বলেন, এই ধরনের সতর্কতা আসলে ছিল এক প্রকার রাজনৈতিক সিগন্যাল—আমরা (ইরান) চাই না সংঘাত ছড়িয়ে পড়ুক যুক্তরাষ্ট্র পর্যন্ত। আমাদের লক্ষ্য কেবল ইসরায়েল, এবং আমরা তা নিয়ন্ত্রিত সীমার মধ্যে রাখতে চাই।
এটি এমন এক বার্তা যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝাতে চায়, ‘আমরা পাল্টা জবাব দিচ্ছি, কিন্তু যুদ্ধ বাঁধাতে চাই না।’ কারণ, যদি সংঘাত বাড়ে, তাহলে সামরিক দিক থেকে ইরান পিছিয়ে পড়বে, যার খেসারত আরও বড় হতে পারে।
এটাই প্রথম নয়। ফ্রুহলিং মনে করিয়ে দেন যে, ২০১৯ সালের জানুয়ারিতে কাসেম সোলাইমানি হত্যার পরেও ইরান একইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল। সে সময়ও তারা একটি সামান্য ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা অনেকটা “লোক দেখানো” এবং সংঘাতের সীমা রক্ষার বার্তা ছিল।
ইরানের এই আচরণ একটি দ্বৈত কৌশল দেখায়—একদিকে তারা নিজেদের জনগণ এবং আঞ্চলিক মিত্রদের দেখাতে চায়, যে তারা ‘জবাব দিয়েছে’। অন্যদিকে, তারা আন্তর্জাতিক মঞ্চে বোঝাতে চায়, তাদের ইচ্ছা সরাসরি যুদ্ধ নয়, বরং কৌশলগতভাবে অবস্থান ধরে রাখা।
এটা একপ্রকার সূক্ষ্ম ভারসাম্য রক্ষা, যেখানে প্রতিপক্ষকেও কিছু দেখানো হয়, আবার আসল ঝুঁকি এড়ানো হয়। আর সেই কারণেই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প—সবচেয়ে প্রত্যক্ষ ভাষায়—“ধন্যবাদ” জানিয়েছিলেন তেহরানকে।

