ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এই হামলায় ৩৫২টি ড্রোন এবং ১৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যার ফলে অন্তত ৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
সোমবার (২৩ জুন) ভোররাতে এই নারকীয় হামলা চালায় রাশিয়া। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, রাজধানীতে শত্রুর ড্রোন একাধিক তরঙ্গে বিশাল আক্রমণ চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভে ৬ জন এবং রাজধানীর নিকটবর্তী বিলা এৎরকভায় আরো একজন নিহত হয়েছেন।
সংবাদ সংস্থা এএফপির সাংবাদিকরা কিয়েভ শহরের কেন্দ্রে ড্রোনের গুঞ্জন, বিস্ফোরণ এবং গোলাগুলির শব্দ শুনেছেন। শহরের একটি আবাসিক ভবনের বেসমেন্টে প্রায় ১০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন, যারা মোবাইলে খবর স্ক্রল করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলেন।
এই হামলা এমন সময় ঘটেছে, যখন ইউক্রেনের সামরিক প্রধান ওলেক্সান্দ্র সিরস্কি রাশিয়ার সামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “আমরা কেবল প্রতিরক্ষায় বসে থাকব না। এতে কোনো সুফল আসে না বরং সময়ের সাথে সাথে আমরা মানুষ হারাই, এলাকা হারাই।”
সিরস্কি আরো জানান, ইউক্রেনের পূর্ববর্তী হামলাগুলো ‘কার্যকর’ প্রমাণিত হয়েছে এবং ভবিষ্যতে এর ‘পরিসর ও গভীরতা’ আরও বাড়ানো হবে।
তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনও কূটনৈতিক সমাধানের কোনো পথ দৃশ্যমান নয়। সর্বশেষ সরাসরি আলোচনা প্রায় তিন সপ্তাহ আগে হয়েছিল, তবে পরবর্তী কোনো বৈঠকের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।

