মঙ্গলবার (২৪ জুন) নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো নেতৃবৃন্দ একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের জন্য মিলিত হয়েছেন। এই সম্মেলনে প্রতিরক্ষা ব্যয়ের জন্য প্রস্তাবিত জিডিপির ৫% লক্ষ্যমাত্রা এবং ইউক্রেনের ভূমিকা নিয়ে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর ৩২টি মিত্র দেশের নেতারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন, যা হয়তো ঐতিহাসিক হতে পারে অথবা মতপার্থক্যের কারণে বিভক্তি সৃষ্টি করতে পারে।
মাত্র এক সপ্তাহ আগে ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে আশাবাদী ছিলেন যে ইউরোপীয় সদস্যরা এবং কানাডা প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের সমান প্রতিরক্ষা ব্যয়ে সম্মত হবে। কিন্তু স্পেন ৫% জিডিপি লক্ষ্যমাত্রাকে “অযৌক্তিক” বলে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পও এই লক্ষ্যমাত্রার পক্ষে জোর দিয়েছেন।
ন্যাটোর কার্যক্রম ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয়, যার জন্য ৩২টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন। এরপর ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই লক্ষ্যমাত্রা মানতে হবে না। ন্যাটোর তথ্য অনুযায়ী, গত বছর স্পেন তাদের জিডিপির ২% এরও কম এবং কানাডা ১.৪৫% প্রতিরক্ষা ব্যয়ে ব্যয় করেছে।
ট্রাম্প প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর দাবি জানালেও ইউক্রেনের ভূমিকা নিয়ে পরিস্থিতি অনিশ্চিত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্মেলনে আমন্ত্রিত হলেও তার ন্যাটোর আলোচনায় আসন পাওয়া নিশ্চিত নয়, তবে তিনি মঙ্গলবারের নৈশভোজে অংশ নিতে পারেন। রাশিয়ার ইউক্রেনে যুদ্ধ সাধারণত এই ধরনের সম্মেলনে প্রাধান্য পায়।
ন্যাটো সংস্থা হিসেবে কোনো অস্ত্র সরবরাহ করে না, শুধুমাত্র অ-প্রাণঘাতী সহায়তা যেমন জ্বালানি, যুদ্ধের রেশন, চিকিৎসা সামগ্রী, বডি আর্মার এবং ড্রোন বা মাইন প্রতিরোধের সরঞ্জাম সরবরাহ করে। তবে স্বতন্ত্রভাবে সদস্য দেশগুলো অস্ত্র পাঠায়। ২০২৪ সালে ইউক্রেন যে সামরিক সহায়তা পেয়েছে, তার ৬০% ইউরোপীয় মিত্ররা সরবরাহ করেছে। ন্যাটো পোল্যান্ড সীমান্তে একটি হাবের মাধ্যমে অস্ত্র সরবরাহ সমন্বয় করে এবং ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করে।
ন্যাটো নেতারা মঙ্গলবার একটি অনানুষ্ঠানিক নৈশভোজ এবং বুধবার সকালে একটি কার্য অধিবেশনের মাধ্যমে দুই দিনের এই সম্মেলন পরিচালনা করবেন। সম্মেলনের বিবৃতি খুবই সংক্ষিপ্ত রাখা হয়েছে, যাতে বিস্তারিত বা শব্দ নিয়ে কোনো বিরোধ না হয়। এই সম্মেলন সংক্ষিপ্ত হলেও- এর প্রভাব বছরের পর বছর ধরে অনুভূত হতে পারে।

