মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার। এক বিবৃতিতে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, “এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে।”
ইসরায়েলের দাবি, ইরানের চালানো হামলার জবাবে তারা নিজেদের কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে, আর সে কারণেই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে তেলআভিভ। বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের ওপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে।”
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারী দপ্তর ও সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। এসব অভিযানে ইসরায়েল দাবি করেছে, শত শত আধাসামরিক বাহিনীর সদস্যকে ‘নির্মূল’ করা হয়েছে। এই মিলিশিয়া গোষ্ঠীই দীর্ঘদিন ধরে ইরান সরকার বিক্ষোভ দমনে ব্যবহার করতো বলে মন্তব্য করা হয় বিবৃতিতে।
একই সঙ্গে ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে। তাঁর পরিচয় প্রকাশ না করলেও দাবি করা হয়, তিনি সরকারের গুরুত্বপূর্ণ গোপন পরমাণু প্রকল্পে যুক্ত ছিলেন।
বিবৃতির একেবারে শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানায় ইসরায়েল সরকার। প্রতিরক্ষায় সহায়তা এবং ইরানের পারমাণবিক হুমকি নিরসনে ভূমিকা রাখায় তাঁকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, “এই ঐক্যবদ্ধ উদ্যোগ ইরানের আগ্রাসন থামাতে কার্যকর ভূমিকা রাখবে।”

