হিজরি নতুন বছরের সূচনার দিনেই বদলে ফেলা হবে পবিত্র কাবা শরিফের গিলাফ। সৌদি আরবের মক্কায় এই গিলাফ পরিবর্তনের প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী বুধবার, ২৫ জুন, অর্থাৎ ১ মুহাররম ১৪৪৭ হিজরি, এশার নামাজের পর কাবার গিলাফ পরিবর্তনের পবিত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
প্রতিবারের মতো এবারও অত্যন্ত সুশৃঙ্খল ও পরিকল্পিত প্রক্রিয়ায় সম্পন্ন হবে কাবার গিলাফ বা কিসওয়া পরিবর্তন। এই রেশমি কালো কাপড়টি তৈরি ও কাবার গায়ে পরানোর কাজে অংশ নেন বহু অভিজ্ঞ কারিগর, প্রযুক্তিবিদ ও ইসলামিক শিল্পকলায় দক্ষ বিশেষজ্ঞরা। এই গিলাফে সূক্ষ্মভাবে সোনালি রঙে বুনা থাকে কোরআনের আয়াত এবং ইসলামের নানা তাৎপর্যপূর্ণ বাক্য।
কিসওয়া কী?
কিসওয়া হলো সেই বিশেষ রেশমি কাপড় যা পবিত্র কাবাকে ঢেকে রাখে। পুরো কাপড়টি কালো রঙের হয়, যার ওপর সোনালি সূতায় লেখা থাকে কোরআনের আয়াত। এই গিলাফ তৈরিতে সময় লাগে কয়েক মাস, এবং এটি প্রস্তুত হয় কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়া ম্যানুফ্যাকচারিং-এ। এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে শিল্পীরা তাদের ঐতিহ্যগত দক্ষতা দিয়ে এই পবিত্র কাজটি করে আসছেন।
আগে কখন গিলাফ পরিবর্তন হতো?
পুরোনো নিয়ম অনুযায়ী, কাবার গিলাফ পরিবর্তন হতো হজের দিন, যখন হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি কর্তৃপক্ষ এই সময়সীমা পরিবর্তন করে হিজরি নববর্ষের প্রথম দিনে নিয়ে এসেছে।
এই আনুষ্ঠানিকতাটি এখন বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হয় ‘মক্কা লাইভ চ্যানেল’-এর মাধ্যমে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরাও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন।
পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের এই দৃশ্য কোটি কোটি মুসলমানের হৃদয় ছুঁয়ে যায়, কারণ এতে রয়েছে এক অনন্য আবেগ, ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্ব। নববর্ষের এই মুহূর্তে কাবার নতুন সাজ যেন নতুন বছরের শুরুতেই বরকত ও আশার প্রতীক হয়ে ওঠে বিশ্বের সব মুসলিমের কাছে।

