ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছেছে দুই দেশ। তবে ইসরায়েল সরকারের দাবি—তারা নাকি আগেই ‘সব লক্ষ্যে’ পৌঁছেছে—এই বক্তব্যকে সরাসরি “অযৌক্তিক” বলে অভিহিত করেছেন তেলআভিভভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আসলে ইসরায়েলের লক্ষ্য কী ছিল—এটাই স্পষ্ট নয়। গত সপ্তাহে তারা কখনো বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করবে, আবার কখনো বলেছে শাসনব্যবস্থা পরিবর্তনের কথা।”
তিনি আরও জানান, ইরানের কিছু পরমাণু স্থাপনায় ক্ষতি হলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো প্রমাণ নেই। উপরন্তু, ইরান থেকে ইসরায়েলের প্রতি তাৎক্ষণিক বা অবধারিত কোনো পারমাণবিক হুমকি ছিল বলেও মনে করেন না গোল্ডবার্গ। তাঁর মতে, “অবস্থার তেমন কোনো বাস্তব পরিবর্তন হয়নি।”
যুদ্ধবিরতির পেছনে আসল কারণ হিসেবে তিনি দেখছেন ইরান থেকে আসা পাল্টা আঘাতে ইসরায়েলের ক্ষয়ক্ষতি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ।
গোল্ডবার্গ বলেন, “নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্পের রাজনৈতিক পথে নিজেকে যুক্ত রাখতে। সেই জুয়া এখন তাকে বাধ্য করেছে ট্রাম্পের লক্ষ্য পূরণে সহায়তা করতে।”
তার ভাষায়, “যেহেতু ট্রাম্প মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ নয়, বরং একটি আঞ্চলিক সমঝোতা চায়, তাই নেতানিয়াহুর আর কোনো পথ ছিল না। তাকে যুদ্ধ নয়, ট্রাম্পের কূটনৈতিক চেষ্টার দিকেই ঝুঁকতে হয়েছে।”
এই বিশ্লেষণে স্পষ্ট—ইসরায়েলের যুদ্ধবিরতি কোনো বিজয়ের ফল নয়, বরং এক বাস্তবধর্মী রাজনৈতিক সিদ্ধান্ত, যেখানে ট্রাম্প প্রশাসনের কৌশলগত চাপে মাথা নোয়ানো ছাড়া উপায় ছিল না নেতানিয়াহুর।

