কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা কাউকায় স্থানীয়দের হাতে আটক হওয়া ৫৭ সেনাকে মুক্ত করেছে সেনাবাহিনী।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, ‘অপারেশন জাস্টিস’ নামে বিশেষ এক অভিযানে সেনাদের উদ্ধার করা হয়।
এই অভিযানে কোনো গুলি ছোড়া হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।
উদ্ধার হওয়া সেনারা কাউকা অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন। এলাকাটি ইএমসি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এই গোষ্ঠী কোকেন উৎপাদন ও পাচারে সক্রিয়ভাবে জড়িত।
প্রতিরক্ষামন্ত্রী জানান, সেনাদের অপহরণের পেছনে ছিল ইএমসির পরিকল্পনা। তাদের নির্দেশেই স্থানীয় লোকজন সেনাদের আটক করে।
শনিবার ইএমসির একজন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তারের সময় এই ঘটনা ঘটে।
সেই সদস্যকে হেলিকপ্টারে তোলার প্রস্তুতির সময় হঠাৎ শতাধিক মানুষ সেনাদের ঘিরে ফেলে। পরদিন আরও একটি সেনা ইউনিটকে স্থানীয়দের একটি বড় দল আটক করে বলে জানান জেনারেল এরিক রদ্রিগেজ।
এর আগে এমন কিছু ঘটনা ঘটলেও একসঙ্গে এত বড় সংখ্যক সেনা আটক হওয়ার ঘটনা কলম্বিয়ায় বিরল।
সাধারণত স্থানীয়রা মানবাধিকার সংগঠনের মাধ্যমে সমঝোতায় যেতে চায়। কিন্তু এবার তারা কোনো আলোচনা চায়নি।
ফলে সেনাবাহিনী অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অভিযান চালায়।
৫৭ সেনাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ২০ জনকে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ওই অঞ্চলের ৯০ শতাংশের বেশি মানুষ জীবিকার জন্য কোকা গাছ চাষের ওপর নির্ভরশীল। এই গাছ থেকেই কোকেন তৈরি হয়। তাই সেনাবাহিনীর উপস্থিতিকে স্থানীয়রা হুমকি হিসেবে দেখে।
এলাকাটিতে বহু সশস্ত্র গোষ্ঠীও সক্রিয় রয়েছে। তারা কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে, অবৈধ খনন চালায় এবং কোকেন পাচারের সঙ্গে যুক্ত।

