ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে গত সোমবার (২৩ জুন) কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সূত্র: আল-জাজিরা
কাতারের আমিরের দপ্তর (দিওয়ান) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ জুন) দুই নেতা টেলিফোনে কথা বলেছেন। এ সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না। বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এটা উপসাগরীয় দেশটির (কাতার) জন্য কোনো হুমকি নয়।”
তিনি জোর দিয়ে বলেন, প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক অটুট থাকবে এবং এই সম্পর্ক সার্বভৌমত্ব ও সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির ওপর ভিত্তি করে বজায় থাকবে।
গত সোমবার ইরান কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তাদের প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা সংঘটিত হয়। কাতার, একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে- ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের প্রেসিডেন্টের এই দুঃখ প্রকাশ কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ আঞ্চলিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ইরানের পক্ষ থেকে কাতারের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ইচ্ছার প্রকাশ। তবে মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কাতারের মত নিরপেক্ষ দেশগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

