Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন করে কেন পারমাণবিক অস্ত্র ঝালিয়ে নিচ্ছে বিশ্ব?
    আন্তর্জাতিক

    নতুন করে কেন পারমাণবিক অস্ত্র ঝালিয়ে নিচ্ছে বিশ্ব?

    এফ. আর. ইমরানUpdated:জুন 25, 2025জুন 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী নয়টি দেশ- রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান এবং ইসরায়েল- তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্র হ্রাসের যে দীর্ঘমেয়াদি ধারা প্রতিষ্ঠিত হয়েছিল, তা এখন ব্যাহত হচ্ছে। বরং নতুন ওয়ারহেড সংযোজন এবং পুরাতন অস্ত্রব্যবস্থার আধুনিকায়নের দিকে ঝুঁকছে এই দেশগুলো। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক বৈশ্বিক চিত্র উঠে এসেছে।

    পারমাণবিক অস্ত্রের বর্তমান পরিসংখ্যান-

    এসআইপিআরআইয়ের প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বজুড়ে পারমাণবিক ওয়ারহেডের মোট সংখ্যা আনুমানিক ১২,২৪১টি। এর মধ্যে ৯,৬১৪টি ওয়ারহেড সক্রিয় সামরিক মজুদের আওতায় রয়েছে, যা প্রয়োজনে ব্যবহারযোগ্য। এছাড়া প্রায় ৩,৯১২টি ওয়ারহেড ক্ষেপণাস্ত্র ও বিমান ব্যবস্থায় স্থাপন করা হয়েছে এবং প্রায় ২,১০০টি ওয়ারহেড ‘হাই অপারেশনাল অ্যালার্ট’ অবস্থায় রয়েছে, অর্থাৎ তাৎক্ষণিক ব্যবহারের জন্য প্রস্তুত। এই অধিকতর সক্রিয় অস্ত্রের বেশির ভাগই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

    রাশিয়া ও যুক্তরাষ্ট্র: পারমাণবিক শক্তির প্রধান ধারক-

    বিশ্বের পারমাণবিক অস্ত্রের প্রায় ৯০ শতাংশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। এসআইপিআরআইয়ের তথ্যমতে, রাশিয়ার কাছে রয়েছে ৪,৪৭৯টি ওয়ারহেড, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে ৩,৭০৮টি। ২০২৪ সালে তাদের সামরিক অস্ত্র মজুদ মোটামুটি অপরিবর্তিত থাকলেও- দুই দেশই দীর্ঘমেয়াদি এবং বিস্তৃত আধুনিকায়ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে পুরাতন অস্ত্রব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়ন এবং নতুন ওয়ারহেড সংযোজনের কাজ চলছে।

    চীন: দ্রুতগতির পারমাণবিক সম্প্রসারণ-

    পারমাণবিক ওয়ারহেডের সংখ্যার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে চীন। এসআইপিআরআইয়ের অনুমান অনুসারে, ২০২৫ সালের শুরুতে চীনের কাছে অন্তত ৬০০টি ওয়ারহেড রয়েছে। ২০২৩ সাল থেকে প্রতি বছর গড়ে ১০০টি ওয়ারহেড বৃদ্ধি পাচ্ছে। চীন ইতিমধ্যে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের মরুভূমি এবং পাহাড়ি এলাকায় প্রায় ৩৫০টি নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল (আইসিবিএম) সাইলো নির্মাণ করেছে। চলমান ধারা অব্যাহত থাকলে, ২০৩৫ সালের মধ্যে চীনের ওয়ারহেড সংখ্যা ১,৫০০-এ পৌঁছাতে পারে। এই দ্রুতগতির সম্প্রসারণ চীনের পারমাণবিক কর্মসূচিকে বিশ্বের সবচেয়ে গতিশীল কর্মসূচিতে পরিণত করেছে।

    ফ্রান্স: প্রযুক্তিগত উন্নয়নে জোর-

    চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, যার কাছে ২৯০টি ওয়ারহেড রয়েছে। ২০২৪ সালে ফ্রান্স তৃতীয় প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন (এসএসবিএন), নতুন ক্রুজ মিসাইল এবং উন্নত ব্যালিস্টিক মিসাইল ও ওয়ারহেড নির্মাণে অগ্রসর হয়েছে। ফ্রান্সের আধুনিকায়নের উদ্দেশ্য হলো পারমাণবিক প্রতিরোধক্ষমতাকে আরো কার্যকর এবং নির্ভরযোগ্য করা। ফরাসি সরকার ২০৪০ সাল পর্যন্ত এই সক্ষমতা বজায় রাখার লক্ষ্য নিয়েছে, অস্ত্রের সংখ্যা বাড়ানোর পরিবর্তে প্রযুক্তিগত উন্নয়নের উপর জোর দিয়ে।

    যুক্তরাজ্য: চ্যালেঞ্জের মুখে আধুনিকায়ন-

    যুক্তরাজ্য ২২৫টি ওয়ারহেড নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। ২০২৪ সালে দেশটি চারটি নতুন ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও- প্রকল্পটি আর্থিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। লেবার সরকার তাদের ‘কন্টিনিউয়াস অ্যাট-সি ডিটারেন্স’ নীতি বজায় রাখতে চায় এবং অস্ত্রভাণ্ডারের সীমা বাড়ানোর আগের পরিকল্পনা অব্যাহত রেখেছে। তবে বাজেট ঘাটতি এবং নির্মাণ জটিলতার কারণে এই প্রকল্পে বিলম্ব হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ভারত ও পাকিস্তান: প্রতিযোগিতামূলক সম্প্রসারণ-

    ভারত ও পাকিস্তান যথাক্রমে ১৮০ এবং ১৭০টি ওয়ারহেড নিয়ে তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২০২৪ সালে অস্ত্রের সংখ্যা সামান্য বাড়িয়েছে এবং ‘ক্যানিস্টারাইজড’ ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ করছে, যা ভবিষ্যতে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম হতে পারে। পাকিস্তান নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন এবং ফিসাইল উপাদান সঞ্চয়ের মাধ্যমে অস্ত্রভাণ্ডার সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা বাড়াচ্ছে।

    উত্তর কোরিয়া: সীমাহীন সম্প্রসারণের ঘোষণা-

    উত্তর কোরিয়ার কাছে প্রায় ৫০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং আরো ৪০টি বোমা তৈরির মত ফিসাইল উপাদান তাদের হাতে রয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্রের তথ্যমতে, উত্তর কোরিয়া এখন ‘ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অস্ত্র’ ব্যবস্থার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে ব্যবহারযোগ্য। ২০২৪ সালের নভেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দেন যে, দেশটি পারমাণবিক কর্মসূচিতে ‘সীমাহীন সম্প্রসারণ’ চালিয়ে যাবে। এই ঘোষণার পর থেকে পারমাণবিক অস্ত্র উৎপাদনে গতি বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    ইসরায়েল: গোপনীয় আধুনিকায়ন-

    ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়, যদিও তারা এটি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এসআইপিআরআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ইসরায়েল জেরিকো ক্ষেপণাস্ত্রের একটি প্রপালশন সিস্টেম পরীক্ষা করেছে, যা পারমাণবিক বহনে সক্ষম বলে মনে করা হয়। এছাড়া তাদের ডিমোনা পারমাণবিক স্থাপনায় উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানো হয়েছে, যা তাদের পারমাণবিক সক্ষমতার আধুনিকীকরণের ইঙ্গিত দেয়।

    graph
    ছবি: আল-জাজিরা

    স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে হ্রাস পেয়েছিল। ১৯৮০-এর দশকে বিশ্বজুড়ে পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ছিল প্রায় ৬৪,০০০, যা ২০২৫ সালে এসে ১২,২৪১-এ নেমে এসেছে। তবে এই হ্রাসের প্রবণতা এখন থেমে যাচ্ছে। এসআইপিআরআইয়ের পারমাণবিক অস্ত্রবিষয়ক বিশেষজ্ঞ হ্যান্স এম. ক্রিস্টেনসেন বলেন, “পরমাণু অস্ত্র হ্রাসের যে যুগটি দীর্ঘকাল ধরে চলে আসছিল, তা শেষ হয়ে এসেছে। এখন আমরা প্রত্যক্ষ করছি অস্ত্রভাণ্ডার বৃদ্ধির সুস্পষ্ট প্রবণতা, কূটনৈতিক নিয়ন্ত্রণহীনতা এবং যুদ্ধোন্মুখ বক্তব্যের পুনরুত্থান।”

    এসআইপিআরআইয়ের প্রতিবেদন বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির অনুপস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং যুদ্ধোন্মুখ বক্তব্যকে বিশ্ব নিরাপত্তার জন্য গভীর হুমকি হিসেবে চিহ্নিত করেছে। পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা অব্যাহত থাকলে- সামান্য উত্তেজনাও অপ্রত্যাশিত পারমাণবিক সংকটে রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র বৃদ্ধি এবং আধুনিকায়নের প্রবণতা রোধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

    পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের নয়া ঢেউ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আধিপত্যের পাশাপাশি চীন, উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশের দ্রুতগতির সম্প্রসারণ বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসআইপিআরআইয়ের প্রতিবেদন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ ছাড়া বিশ্ব একটি ঝুঁকিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.