নিউইয়র্ক সিটির রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছেন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোকে হারিয়ে মেয়র পদের দৌড়ে তিনি এখন শীর্ষে। এই জয় শুধু একটি নির্বাচন নয় বরং মার্কিন রাজনীতিতে প্রগতিশীলতার, বহুত্ববাদের ও নতুন প্রজন্মের মূল্যবোধের প্রতিচ্ছবি।
প্রাইমারিতে ঐতিহাসিক জয়
২৪ জুন অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারিতে ৯৫ শতাংশ ব্যালট গণনার পর দেখা যায়, মামদানি পেয়েছেন ৪ লাখ ৮ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্যুমো পেয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৪৪১ ভোট। তৃতীয় স্থানে থাকা ব্র্যাড লেন্ডার পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৩০২ ভোট।
র্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে কিছুটা হেরফের হতে পারে, তবে বিশ্লেষকদের মতে মামদানির বড় ব্যবধানের এই জয় চূড়ান্ত ফলাফলেও দৃঢ়ভাবেই প্রতিফলিত হবে।
রাজনৈতিক প্রেক্ষাপট ও প্রতিপক্ষের দুর্বলতা
জোহরানের জয় রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ কারণ তার প্রধান প্রতিপক্ষ ছিলেন অভিজ্ঞ ও পরিচিত রাজনীতিবিদ অ্যান্ড্রু ক্যুমো, যিনি একসময় নিউইয়র্ক স্টেটের গভর্নর ছিলেন এবং ডেমোক্র্যাটিক দলের কেন্দ্রঘেঁষা অংশের প্রতিনিধিত্ব করতেন।
বর্তমান মেয়র এরিক অ্যাডামস, যিনি নানা দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে দলের সমর্থন হারিয়েছেন, মূল নির্বাচনে দাঁড়াতে বাধ্য হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এমনকি ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন দেখিয়ে নিজেকে আরও বিতর্কিত করে তুলেছেন তিনি।
ডেমোক্র্যাটদের ৭০ শতাংশ রেজিস্টার্ড ভোটার নিয়ে গঠিত নিউইয়র্ক সিটিতে, ঐক্যবদ্ধ ডেমোক্র্যাটিক ভোটই মামদানির বিজয়ের প্রধান ভরকেন্দ্র হয়ে উঠতে পারে।
কে এই জোহরান মামদানি?
জোহরান মামদানি জন্ম নেন উগান্ডার কামপালায়। মাত্র সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে আসেন। পড়াশোনা করেন ব্রঙ্কস সায়েন্স হাই স্কুলে, এরপর বোডোয়েন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক সম্পন্ন করেন।
তিনি ছিলেন ‘স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন’ সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। তার ছাত্রজীবন থেকেই ছিল রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা।
চলচ্চিত্র, র্যাপ সংগীত, লেখালেখি—সব মিলিয়ে তিনি নিজেকে তুলে ধরেন একজন ‘অর্গানাইজার’ হিসেবে। রাজনীতিতে আসার আগে তিনি কুইন্সে নির্বাসিত অভিবাসীদের জন্য কাজ করতেন হাউজিং কাউন্সেলর হিসেবে।
মামদানি এমন এক পরিবারে জন্মেছেন, যেখানে সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক চর্চা একসঙ্গে বেড়ে উঠেছে। মা বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার (‘সালাম বোম্বে’, ‘নেমসেক’, ‘মনসুন ওয়েডিং’)। আর বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ‘গুড মুসলিম, ব্যাড মুসলিম’ গ্রন্থের লেখক।
তার স্ত্রী রামা দুওয়াজি একজন সিরীয় বংশোদ্ভূত শিল্পী, যাকে তিনি খুঁজে পান ডেটিং অ্যাপ ‘হিন্জ’-এর মাধ্যমে।
সাহসী রাজনৈতিক অবস্থান
মামদানি নিজের মুসলিম পরিচয় নিয়ে প্রকাশ্যে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “পাবলিকলি মুসলিম পরিচয়ে দাঁড়ানো মানে কিছু নিরাপত্তা হারানো, কিন্তু সেই ভয়কে জয় করেই এগোতে হবে।”
তিনি নিউইয়র্কের দারিদ্র্য, খাদ্য সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে সরব। এক ভিডিওতে দেখা যায়, তিনি সাবওয়েতে বসে রোজা ভাঙছেন। আরেকটি ভিডিওতে বাসভাড়া ফ্রিজ করার দাবি জানাতে তিনি লাফিয়ে পড়েছেন আটলান্টিকে।
নির্বাচনী অঙ্গীকার ও প্রগতিশীল নীতি
মামদানি তাঁর ইশতেহারে তুলে ধরেছেন বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি—
- বিনামূল্যে গণপরিবহন
- সর্বজনীন শিশু পরিচর্যার ব্যবস্থা
- ভর্তুকিপ্রাপ্ত আবাসনের ভাড়া স্থগিত রাখা
- নগর কর্তৃপক্ষ পরিচালিত গ্রোসারি চালু
- ধনীদের ওপর কর বাড়িয়ে সামাজিক তহবিল গঠন
এইসব প্রস্তাব নিউইয়র্ক টাইমস তাকে ‘অবাস্তব’ বলে সমালোচনা করলেও, জনগণের অংশগ্রহণ ও সমর্থনের মাত্রা বলছে অন্য কথা।
প্যালেস্টাইন প্রসঙ্গে অবস্থান
মামদানি ইসরায়েলবিরোধী কিছু নীতিগত অবস্থান গ্রহণ করেছেন, যা অনেক ডেমোক্র্যাটের চেয়ে তাকে আলাদা করেছে। তিনি নিউইয়র্কে ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে যুক্ত কিছু দাতব্য সংস্থার করছাড় বাতিলের বিল উত্থাপন করেছেন।
তার ভাষায়, “আমি এমন কোনো রাষ্ট্রকে সমর্থন করি না, যেখানে নাগরিক অধিকার ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়। সমানাধিকারই হওয়া উচিত রাষ্ট্রের মৌলনীতি।” একইসাথে তিনি ইসরায়েলের অস্তিত্বের অধিকারকেও স্বীকৃতি দিয়েছেন, তবে সেটি হতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী।
অভিবাসী ও মুসলিম সমাজে আশার আলো
জোহরানের এই উত্থান নিউইয়র্কের মুসলিম ও অভিবাসী সমাজে আশার প্রতীক হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ চলছে। জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, লং আইল্যান্ড ও জ্যামাইকার বিভিন্ন এলাকায় প্রবাসীরা বিজয় উৎসবে মেতেছেন।
বিশ্লেষকরা বলছেন, ২ লাখের বেশি মুসলিম ভোটারের ৯০% যদি মামদানিকে ভোট দেন, তবে মূল নির্বাচনেও তার বিজয় প্রায় অনিবার্য।
একইসঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলওম্যান শাহানা হানিফও এবারের নির্বাচনে বিপুল ভোটে পুনর্নির্বাচিত হয়েছেন, যা নিউইয়র্কের রাজনীতিতে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের অবস্থানকে আরও দৃঢ় করেছে।
জোহরান মামদানি কেবল একজন রাজনীতিক নন বরং নতুন প্রজন্মের মূল্যবোধ, বৈচিত্র্য ও প্রগতিশীলতা ধারণ করা এক কণ্ঠস্বর। অভিবাসী, মুসলিম ও দক্ষিণ এশীয়—এই তিন পরিচয়ের প্রতীক হয়ে তিনি শুধু নিউইয়র্ক নয়, গোটা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন।
মূল নির্বাচনে জয়ী হলে নিউইয়র্ক পাবে শুধু প্রথম মুসলিম মেয়র নয় বরং এমন একজন নেতা, যিনি সমাজ পরিবর্তনের দর্শনকে বাস্তবে রূপ দিতে পারেন।

