ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ইরানের সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কমান্ডার মেজর জেনারেল আলি শাদমানি মারা গেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রেভল্যুশনারি গার্ডস শাদমানির মৃত্যুতে ‘কঠোর প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে। শাদমানি ইরানের যুদ্ধকালীন চিফ অব স্টাফ এবং রেভল্যুশনারি গার্ডস কমান্ড সেন্টারের প্রধান ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গত ১৭ জুন শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছিল। তবে ইরান তখন শাদমানির মৃত্যু নিয়ে কোনো বিবৃতি দেয়নি। সর্বশেষ রাষ্ট্রীয় গণমাধ্যম শাদমানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ইসরায়েলি হামলায় ইরানের খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলা আলি রশিদ নিহত হওয়ার পর আলি শাদমানিকে এই পদে নিয়োগ করা হয়েছিল। খাতাম আল-আনবিয়া ইরানের রেভল্যুশনারি গার্ডের নির্মাণ ও প্রকৌশল শাখা। এটি রেভল্যুশনারি গার্ড এবং নিয়মিত ইরানি সেনাবাহিনী উভয়ের সমন্বয়ে সামরিক অভিযান পরিকল্পনা করে।
শাদমানি খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের দায়িত্ব নেওয়ার মাত্র চার দিন পর ইসরায়েলি বিমান হামলায় তাকে হত্যার দাবি করে আইডিএফ। তাদের মতে, শাদমানি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।

