প্রতি বছরের মতো এবারও হিজরি নতুন বছর ১৪৪৭ উপলক্ষে পবিত্র কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়েছে। সৌদি আরবের মক্কায় পহেলা মহররমে কাবার গায়ে নতুন গিলাফ পরানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নতুন গিলাফটি রেশম ও তুলা দিয়ে তৈরি করা হয়, যাতে কোরআনের আয়াত সুশোভিতভাবে খোদাই করা থাকে। এই গিলাফ তৈরির কাজ মক্কার উম্মুদ জুদ এলাকার একটি বিশেষ কারখানায় সম্পন্ন হয়। গিলাফ তৈরিতে ব্যবহৃত হয় ১২০ কেজি সোনার সুতা, ৭০০ কেজি রেশম সুতা এবং ২৫ কেজি রূপার সুতা। প্রায় ১১ মাস সময় নিয়ে নিখুঁত কারুকার্যের মাধ্যমে এই গিলাফ প্রস্তুত করা হয়।
গিলাফ তৈরির প্রক্রিয়াটি সাতটি ধাপে সম্পন্ন হয়: ১. পানি পরিশোধন ২. রেশম পরিষ্কার করা ৩. কালো রঙে রঞ্জন ৪. বয়নের কাজ ৫. কোরআনের আয়াতের জ্যামিতিক নকশা তৈরি ৬. স্বর্ণ ও রূপার সুতার সূচিকর্ম সংযোজন ৭. চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা
গিলাফটি ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো দিয়ে গঠিত, যাতে ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। আয়াতগুলো রূপার সুতা এবং ২৪ ক্যারেট সোনার মোড়কে মোড়ানো সুতা দিয়ে তৈরি। গিলাফের মোট ওজন প্রায় ১,৪১৫ কেজি। প্রতি মিটারে ১০টি ধাপে ৯,৯০০টি সুতা বসানো হয়।
গিলাফের বাইরের কালো কাপড়ের ওপর দক্ষ কারিগররা স্বর্ণালংকারিত রেশমের সুতা দিয়ে ক্যালিগ্রাফি করেন। প্রথমে ঝারনিখ কালি দিয়ে হরফের আউটলাইন তৈরি করা হয়। এরপর মোটা রেশমের লাইন বসিয়ে এবং স্বর্ণের সুতার বিশেষ কৌশলে হরফগুলোকে উজ্জ্বল ও প্রাণবন্ত করা হয়।
পুরানো গিলাফ সরানোর প্রক্রিয়া আগের দিন আসরের নামাজের পর শুরু হয়। নতুন গিলাফ হিজরি নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ পহেলা মহররমের প্রথম প্রহরে কাবার গায়ে স্থাপন করা হয়। অতীতে এই কাজ হজের দিনে করা হলেও বর্তমানে হিজরি নতুন বছরের শুরুতে এটি সম্পন্ন হয়।
পবিত্র কাবা শরিফ নবী ইব্রাহিম (আ.) এবং তাঁর পুত্র ইসমাইল (আ.) কর্তৃক নির্মিত। এটি বাবা ও ছেলের আন্তরিক আবেগের প্রতীক। প্রতি বছর মুসলিমরা হজ পালনের জন্য এই পবিত্র স্থানে যাত্রা করেন। সময়ের পরিক্রমায় কাবা শরিফ বহুবার সংস্কার করা হয়েছে, তবে এর আধ্যাত্মিক মর্যাদা অটুট রয়েছে।

