ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রায় এক সপ্তাহ ধরে প্রকাশ্যে দেখা যাননি বা তাঁর কোনো বক্তব্য শোনা যায়নি। এই অনুপস্থিতি রাজনৈতিক অভিজাতদের থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ ও বিস্ময় সৃষ্টি করেছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে একজন উপস্থাপক খামেনির কার্যালয়ের একজন কর্মকর্তা মেহদি ফাজায়েলির কাছে জনগণের উদ্বেগের বিষয়ে প্রশ্ন করেন। উপস্থাপক বলেন, “জনগণ সর্বোচ্চ নেতার বিষয়ে খুবই উদ্বিগ্ন। আপনি কি বলতে পারেন তিনি কেমন আছেন?” তবে ফাজায়েলি সরাসরি উত্তর না দিয়ে বলেন, “সর্বোচ্চ নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাদের কাজ ভালোভাবে পালন করছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমাদের জনগণ তাদের নেতার পাশে বিজয় উদযাপন করতে পারবে।”
ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, খামেনি একটি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে হত্যার চেষ্টা রোধ করতে ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ রেখেছেন। এই সময়ে ইরান একটি অসাধারণ সংকটের মুখোমুখি হয়েছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে, ইরান কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা জবাব দিয়েছে এবং ইরান ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।
খামেনি, যিনি ইরানের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষ, এই সংকটের মধ্যেও কোনো প্রকাশ্য বিবৃতি বা রেকর্ডকৃত বার্তা প্রদান করেননি। তাঁর এই অনুপস্থিতি রাজনৈতিক মহল থেকে সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। খানেমান নামক একটি দৈনিক পত্রিকার প্রধান সম্পাদক মোহসেন খলিফে বলেন, “খামেনির দীর্ঘদিনের অনুপস্থিতি আমাদের মত তাঁর প্রতি ভক্তি রাখে এমন সকলকে খুবই উদ্বিগ্ন করেছে।” তিনি আরো বলেন, যদি খামেনির মৃত্যু হয়ে থাকে, তবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া হবে “সবচেয়ে গৌরবময় ও ঐতিহাসিক।”
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে খামেনির কাছ থেকে কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা বা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অনুমোদন প্রত্যাশিত। তাঁর অনুপস্থিতি এই সিদ্ধান্তগুলোর প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে।

